logo

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

Published:16 Nov 2026, 12:08 PM

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ নগরে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণপিটুনিতে নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে ছিল সাত বছর বয়সী মেয়ে। মেয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সুরুজ জামানের বাড়ি বাড়েরা এলাকায়। তিনি আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেন।

সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। সেখানেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com