সারা দেশে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গুতে মারা গেছেন সাত জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে দেশে এক হাজার ৮৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ১৮৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। মোট এক হাজার ৩৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৮০ হাজার ৮৪৮ জন হাসপাতাল ছেড়েছে।
তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের। ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩৭২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগের ১৭৬ জন, সিলেট বিভাগের ১৩ জন এবং রংপুর বিভাগে ৫৯ জন রোগী রয়েছেন।
পিপলসনিউজ/আরইউ