সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ১১৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। সেই সঙ্গে এই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট এক লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পিপলসনিউজ/আরইউ