logo

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক

Published:20 Oct 2026, 12:20 AM

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। 

কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৭টি।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাতটার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া তথ্যে ১১৮টি ফ্লাইটে চলাচলে বিঘ্নের কথা জানানো হয়েছিল। তখন ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

সৌদি আরবে দফা দফায় হামলা চালাচ্ছে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশটিতে যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য দেশের মতো ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি যাত্রীরাও। এর আগে বাংলাদেশ থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করার পাশাপাশি মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহার করে আসনসংখ্যা বাড়িয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা রয়েছে, তবে তা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে। এ ছাড়া রিয়াদগামী বেসরকারি ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রয়েছে।

গত ১০ অক্টোবর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায়-দফায় হামলা চালিয়েছে। এরপর থেকেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

১০ অক্টোবর দুপুরে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালানো হয়েছে, তা সৌদিতে নিকট অতীতে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। এতে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে আরও হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে। তারা বলছে, জায়গাগুলো তাদের জন্য সঠিক লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি আরবের হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর কথা বলছে গোষ্ঠীটি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com