logo

৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক

Published:14 Oct 2026, 10:26 AM

৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন

৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন

‎রাজধানীর চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আগুন নির্বাপণ শেষ হয়। সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

‎তিনি জানান, সকাল ৬টা ৩০ মিনিটে চকবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানান তিনি। 

এর আগে সোমবার বিকাল ৫টার দিকে মুনসুর খান প্লাজায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি বিশেষ ইউনিটসহ ১২টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও ২৫ ঘণ্টার বেশি সময় লাগে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৫টার আগেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সে সময় ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। এসব গুদামের দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। তালা ও শাটার ভেঙে প্রবেশের পর আগুনের উৎস এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন মোকাবিলা করতে হয়েছে।

একই সঙ্গে ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আগুন নেভাতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল। পানির সীমিত উৎস এবং সরু রাস্তার কারণে পানিবাহী গাড়ি নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com