ফিফার কাছে ৪২টি প্রশ্নের উত্তর চেয়েছে উয়েফা। প্রশ্নগুলোর মধ্যে আছে বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ড বাতিলের প্রক্রিয়া, ফিফা শান্তি পুরস্কার প্রতিষ্ঠা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা প্রদানের সিদ্ধান্ত এবং আলোচিত আরও অনেক কিছু।
আগামী ২ নভেম্বরের মধ্যে ফিফার কাছে প্রশ্নগুলোর জবাব চেয়েছে উয়েফা।
ফিফা মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে লেখা ১৯ অক্টোবরের চিঠিটি দেখতে পেরেছে ইএসপিএন। উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিসের লেখা চিঠিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন প্রাইভেট ইক্যুইটি কোম্পানি থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করে তহবিল সংগ্রহের জন্য ফিফা সভাপতি ইনফান্তিনোর একতরফা প্রচেষ্টার জেরে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার হুমকি দিয়েছিল ওয়েফা।
যদিও এফএফই পরিকল্পনার পুনরাবৃত্তি হবে না বলে ফিফার কাছ থেকে আশ্বাস পাওয়ার পর হুমকি প্রত্যাহার করে নেয় উয়েফা। তবু ইনফান্তিনোর চলমান নেতৃত্ব এবং ২০২৭ সালের মার্চে তার পুনঃনির্বাচনের প্রচেষ্টার বিরোধিতা করে চলেছে ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার মহাসচিব গ্রাফস্ট্রমকে লেখা চিঠিতে বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে- ফিফা কাউন্সিলের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া অধিকার কে দিয়েছিল, কখন এবং কার মাধ্যমে এফএফই প্রকল্পটি প্রথম উত্থাপন করা হয়েছিল এবং বালোগনের লাল কার্ড বাতিলের আহ্বান জানাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ফোন কলে ইনফান্তিনোকে কী বলেছিলেন।
চিঠিতে থিওরিডিস বলেন, কাউন্সিল সদস্যদের উত্থাপিত বেশ কিছু মৌলিক প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়ার জন্য ব্যাখ্যা দেওয়া শুরু হয়নি। অন্যান্য প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি এবং অনুরোধ করা তথ্য ও নথি সরবরাহ করা হয়নি।
বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্তটি বাতিল করা হলেও আগে ও পরের নানা প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা চাওয়া হয়েছে চিঠিতে।
থিওরিডিস চিঠিতে বলেন, আমরা বৈঠকটি সম্পর্কে ফিফার পরবর্তী প্রকাশ্য বিবৃতিটিও লক্ষ্য করেছি। এফএফই-এর প্রত্যাহার, ভুল স্বীকার এবং সম্ভাব্য শাসনতান্ত্রিক সংস্কারের ঘোষণা— এসব কিছুই এই প্রশ্নের উত্তর দেয় না যে প্রাসঙ্গিক সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল বা কেন যথাযথ পর্যায়ে ফিফা কাউন্সিলকে অন্তর্ভুক্ত করা হয়নি।
চিঠিতে আরও বলা হয়, সভায় লিখিতভাবে আমাদের প্রশ্ন জমা দেওয়ার আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে, প্রশ্ন ও তথ্যের অনুরোধের একটি সমন্বিত সেট সংযুক্ত করছি আমরা। আনুষ্ঠানিকভাবে প্রতিটি প্রশ্নের সারগর্ভ লিখিত উত্তর, সমস্ত সহায়ক নথিপত্রসহ, ২ নভেম্বর সোমবারের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করছি আমরা।
পিপলসনিউজ/আরইউ