logo

‘আমার হাঁটুটা যদি আপনার হতো, বুঝতেন’

ক্রীড়া ডেস্ক

Published:11 Nov 2026, 01:14 PM

‘আমার হাঁটুটা যদি আপনার হতো, বুঝতেন’

‘আমার হাঁটুটা যদি আপনার হতো, বুঝতেন’

অসাধারণ প্রতিভা আর সৃজনশীল ফুটবলে কোটি ভক্তকে মুগ্ধ করলেও নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ তার চোট। মাঠের জাদুকরী পারফর্মের পেছনে রয়েছে চোটের যন্ত্রণাদায়ক ইতিহাস।

ব্রাজিলিয়ান কিংস লিগের সরাসরি সম্প্রচারে সান্তোসের এই ফরোয়ার্ডের কাছে তার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গেদেস যখন পরামর্শ দেন তিনি আরও পাঁচ-ছয় বছর অনায়াসে খেলতে পারেন, তখন হেসেই নেইমার বলেন, ‘আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন!’

ঠাট্টার ছলে বলা এই কথার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম সত্য। নেইমারের জন্য প্রশ্নটা এখন আর কত দিন তিনি খেলতে চান তা নিয়ে নয়; মূল প্রশ্ন— তার শরীর আর কতটুকু সইবে?

চোটের লড়াই নেইমারের নতুন নয়। ২০১৪ বিশ্বকাপে মেরুদণ্ডের কশেরুকা ভেঙে ছিটকে যাওয়া, ২০১৮ বিশ্বকাপে পায়ের ফ্র্যাকচার কিংবা ২০২২ কাতার বিশ্বকাপে অ্যাঙ্কেলের লিগামেন্টের চোট— প্রতিটি বড় মঞ্চেই তাকে থমকে যেতে হয়েছে। তবে বর্তমানে তার প্রধান দুশ্চিন্তা বাঁ হাঁটু। ২০২৫ সালে সান্তোসে ফেরার পর চোটের কারণে বারবার ছন্দ হারাচ্ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ডিসেম্বরে হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার ও থেরাপি নিলেও মাঠে নিয়মিত হওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছে।

সান্তোসের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে নিজের ধার প্রমাণ করলেও পরক্ষণেই চোট ও শারীরিক ধকল তার গতি থামিয়ে দিচ্ছে। এই বয়সে এসে মাঠে পারফর্ম করার চেয়ে নিজের শরীরকে সামলে রাখাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ফেব্রুয়ারিতে ৩৫-এ পা দিতে যাওয়া নেইমারের এই কথা অবসর নেওয়ার এ ধরনের বার্তা বলা যায় না। এটি মূলত চোটের বিরুদ্ধে ক্যারিয়ারজুড়ে লড়ে যাওয়া এক অ্যাথলেটের জমে থাকা আক্ষেপ। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com