নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার
প্রকাশ : ২৩-০৬-২০২৬ ২০:১০
ছবি : সংগৃহীত।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানায় পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি ঝটিকা মিছিলের ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সম্ভাব্য নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথসহ অন্তত ১০টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ ও কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চলছে।
পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।
অন্যদিকে একই সময়ে শহরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও মিছিল করতে দেখা গেছে।
পিলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com