চার্জশিটের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত
৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
প্রকাশ : ২০-০৭-২০২৬ ২৩:৩৩
মালয়েশিয়ায় কর্মরত নির্মাণ শ্রমিক (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল ও গৃহীত হওয়ার পর বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও গৃহীত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ধারা ১৩ অনুযায়ী জনস্বার্থে এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।
কেন বাতিল হলো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স?
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হওয়ায় তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
লাইসেন্স প্রত্যাহার হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, আহমেদ ইন্টারন্যাশনাল, জান্নাত ওভারসিজ, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সি।
তবে আদালতে চার্জশিট দাখিল হওয়া মানেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছে-এমন নয়। মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের রায়ের মাধ্যমে হবে।
পিলসনিউজ/এস.সি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com