weather ২৯.৬১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউর ১,০৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা; বিনামূল্যে ওষুধ ও ক্যান্সার সেবায় বিশেষ গুরুত্ব

প্রকাশ : ২৭-০৬-২০২৬ ১৯:১৫

সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন/ ছবি: সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
ক্যান্সার চিকিৎসার সম্প্রসারণ, রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদন করা হয়।

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন।

ঘোষিত বাজেটের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা আসবে। তবে বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে। সংশোধিত বাজেটের মাধ্যমে এ অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য ‘আগামীর বাংলাদেশ যেন হয় সুস্বাস্থ্যের বাংলাদেশ’। চিকিৎসাসেবা মানুষের সামর্থ্যের ভিত্তিতে নয়, প্রয়োজনের ভিত্তিতে নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য।

তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে চিকিৎসাসেবা ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থনৈতিক বাস্তবতা, স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং আধুনিক চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় ‘কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন’ নীতির ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাসরুম ও ই-লার্নিং সম্প্রসারণ, গবেষণায় অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালু এবং বিনামূল্যে ওষুধ সরবরাহে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন জানান, বিনামূল্যে ওষুধ সরবরাহে ২০ কোটি টাকা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ৯০ কোটি টাকা এবং ক্যান্সার চিকিৎসার জন্য অনকোলজি বিভাগের একটি অকেজো লিনিয়ার এক্সিলেটর পুনরায় চালু ও আরও দুটি নতুন লিনিয়ার এক্সিলেটর স্থাপনে ৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া গবেষণা খাতে ২৮ কোটি ৫ লাখ টাকা, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুতে ৭ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫ কোটি টাকা, প্রশিক্ষণ ব্যয়ে ২ কোটি ১০ লাখ টাকা, রোগীদের পুষ্টিকর খাবারের জন্য ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তিতে ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটও ঘোষণা করা হয়েছে। এর আওতায় পুরাতন বেতার ভবনে অ্যাক্রেডিটেড ল্যাব, গবেষণা কেন্দ্র ও প্রশাসনিক ভবন নির্মাণ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার, সুপার স্পেশালাইজড হাসপাতালের হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র স্থাপন এবং জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা বরাদ্দ সাপেক্ষে শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাবও উন্নয়ন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, নাছির উদ্দিন ভূঁঞা, মোহাম্মদ বদরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত