weather ৩০.১৩ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

প্রকাশ : ২১-০৫-২০২৫ ২১:৪৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আগস্টের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, এটিই হবে ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। সফরে বৈধ অভিবাসন, বাণিজ্য, টেক্সটাইল এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশ সফর করেন। ৫ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নিরাপদ ও বৈধ উপায়ে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং মানবপাচার রোধে সহযোগিতার আশ্বাস দেন।

সেই বৈঠকে ড. ইউনূস জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছিল, যেখানে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়েই প্রধানমন্ত্রীর আগমন চূড়ান্ত হয়। সূত্রটি আরো জানায়, অভিবাসন হবে আলোচনার কেন্দ্রবিন্দু। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে নতুন দ্বার খুলে দিতে পারে এই সফর।

বর্তমানে ইংল্যান্ডের পর ইউরোপে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করেন ইতালিতে- প্রায় দুই লাখের মতো, যার মধ্যে অনেকে অবৈধভাবে সেখানে অবস্থান করছেন। ইতালি সরকার নিয়মিত ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে চায় এবং বাংলাদেশকে এ বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। এ প্রেক্ষাপটে ঢাকা ও রোম একই মতাবলম্বী অবস্থানে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা বৈধ পথে অভিবাসন উৎসাহিত করছি। ইতালির ‘ফ্লুসি ডিক্রি’ ব্যবস্থার অধীনে প্রতি বছর প্রায় চার হাজার বাংলাদেশি কর্মীর ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া, ‘ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম’-এর আওতায়ও কর্মী পাঠানোর সুযোগ রয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত ‘মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তি’র মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের বৈধ পথে পাঠানোর সুযোগ বাড়ছে, যা তাদের আয়ের সম্ভাবনাও বাড়াবে।

তবে অবৈধভাবে কেউ ইতালি গেলে তা বৈধ অভিবাসনের সুযোগকে হুমকির মুখে ফেলে এবং বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।

মানবপাচার রোধে ইতালি সরকার দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে আগ্রহী। এ লক্ষ্যে একটি আনুষ্ঠানিক চুক্তিরও প্রস্তুতি চলছে। এতে বাংলাদেশে সক্রিয় মানবপাচার চক্রগুলোর কার্যক্রম প্রতিহত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো একজন কর্মকর্তা জানান, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় মানবপাচারের রুট ও জড়িত দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। মানবপাচারে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনাও আলোচনার অন্যতম বিষয় ছিল।

অন্যদিকে, প্রতিরক্ষা খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। ইতালি মানসম্পন্ন প্রতিরক্ষা সামগ্রী তৈরি করে থাকে এবং বর্তমানে বাংলাদেশ সেখান থেকে সীমিত পরিসরে কিছু সরঞ্জাম সংগ্রহ করছে। এই খাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনাও চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যদি সমঝোতা হয়, তাহলে ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতাও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

এই সফর শুধু দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের কৌশলগত সম্পর্ক জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত