weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোন গ্রেডে কত টাকা মূল বেতনের সুপারিশ করল কমিশন

প্রকাশ : ২২-০১-২০২৬ ১০:১৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। গ্রেড (ধাপ) রাখার কথা বলা হয়েছে আগের মতো ২০টিই। এবার সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এবার ১ : ৮; যা এতদিন ছিল ১ : ৯ দশমিক ৪। সর্বনিম্ন ধাপে বেতনকাঠামো আট হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ ধাপে বেতনকাঠামো নির্ধারিত ৭৮ হাজার থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রেস উইং জানায়, কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় বলেছেন, সুপারিশ বাস্তবায়ন করতে হলে এক লাখ ছয় হাজার কোটি টাকার দরকার পড়বে। তিনি আরো জানান, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা।

দ্বিতীয় ধাপে বর্তমানে মূল বেতন ৬৬ হাজার টাকা। এটি বাড়িয়ে এক লাখ ৩২ হাজার টাকা সুপারিশ করা হয়েছে। এভাবে তৃতীয় ধাপে ৫৫ হাজার ৫০০ থেকে বাড়িয়ে এক লাখ ১৩ হাজার, চতুর্থ ধাপে ৫০ হাজার থেকে এক লাখ, পঞ্চম ধাপে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ষষ্ঠ ধাপে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, সপ্তম ধাপে ২৯ হাজার থেকে ৫৮ হাজার, অষ্টম ধাপে ২৩ হাজার থেকে ৪৭ হাজার ২০০, নবম ধাপে ২২ হাজার থেকে ৪৫ হাজার ১০০, দশম ধাপে ১৬ হাজার থেকে ৩২ হাজার, ১১তম ধাপে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার, ১২তম ধাপে ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০, ১৩তম ধাপে ১১ হাজার থেকে ২৪ হাজার, ১৪তম ধাপে ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০, ১৫তম ধাপে নয় হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০, ১৬তম ধাপে নয় হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০, ১৭তম ধাপে নয় হাজার থেকে ২১ হাজার ১০০, ১৮তম ধাপে আট হাজার ৮০০ থেকে ২১ হাজার, ১৯তম ধাপে আট হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বেসামরিক সরকারি চাকরিজীবীদের নিয়ে প্রতিবেদন জমা হওয়ার পর এখন সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য ২০ ধাপের বাইরে একটি ধাপ তৈরি করবে অর্থ বিভাগ, যা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন। প্রতিবেদন হস্তান্তরের সময় অর্থ উপদেষ্টা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।

গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। পরে সময় বাড়িয়ে এর জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। সে হিসেবে তিন সপ্তাহ আগে প্রতিবেদন জমা দিল কমিশন। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হয়।

প্রতিবেদন হস্তান্তরের পর প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম, এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।

এসময় কমিশনপ্রধান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতির প্রায় সকল সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন কাজ করে।

প্রতিবেদন তৈরি করতে কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা করে এবং দুই হাজার ৫৫২ জনের মতামত ও প্রস্তাব গ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সমিতি ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।

কমিশনের প্রতিবেদনে নতুন প্রস্তাবের মধ্যে রয়েছে- সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, সরকারি দপ্তরগুলোর ভাতা পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়ন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত