weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের

প্রকাশ : ১৯-০৪-২০২৬ ১৯:৩১

বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
সংসদকে ‘মনোলগ সেশন’ বা একতরফা আলোচনা কেন্দ্র না বানিয়ে মন্ত্রীদের প্রশ্নোত্তরের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি কার্যকর সংসদ ও গণতন্ত্রের জন্য মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে আমরা দেখছি তারকা চিহ্নিত প্রশ্নগুলো কেবল টেবিলে উপস্থাপিত হচ্ছে, মৌখিক উত্তর দেওয়া হচ্ছে না। এর ফলে আমরা সম্পূরক প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।এটি আমার সংসদীয় অধিকার খর্ব করছে।’

রবিবার (১৯ এপ্রিল) বিকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন শেয়ার করার অপরাধে গ্রেপ্তার ও দমন-নিপীড়নের সমালোচনা করেছেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মন্ত্রণালয় থেকে যে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, সেটিই কেবল পাঠ করা হচ্ছে। এতে মন্ত্রীদের সঙ্গে আমাদের যে জবাবদিহিতার সম্পর্ক থাকা উচিত, তা নিশ্চিত হচ্ছে না। সংসদ এখন একটি স্ক্রিপ্টেড মনোলগ সেশনে পরিণত হয়েছে।’আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ কার্টুন শেয়ারের কারণে আহসান হাবিব নামের এক ব্যক্তির গ্রেপ্তারের প্রসঙ্গ তোলেন। 

তিনি বলেন, ‘আমরা কল্পনাও করতে পারি না একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার করার জন্য কাউকে গ্রেপ্তার করা হবে। চিফ হুইপ মহোদয় নিজেই তিমি ও হাঙ্গরের স্যাটায়ার করেছিলেন, যা আমরা সবাই বুঝেছি। কিন্তু সেই কার্টুন শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক স্যাটায়ার ও ভিন্নমত দমনের নামান্তর।’

বিরোধীদের বক্তব্যের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার বাধ্যবাধকতা রয়েছে। সময় বাঁচাতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে দেওয়া হচ্ছে। তবে সংসদ সদস্যরা একমত হলে আমরা রাত ১০টা পর্যন্ত অধিবেশন চালিয়ে প্রশ্নোত্তর পর্ব মৌখিকভাবে করতে রাজি আছি। আমরা জবাবদিহিতাকে ভয় পাই না।’

কার্টুন নিয়ে গ্রেপ্তারের বিষয়ে চিফ হুইপ বলেন, ‘আমি বা আমার দল কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং কুরুচিপূর্ণ প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি করেছি। ফেক আইডি দিয়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে, তার বিচার হওয়া উচিত। তবে কেবল আমার কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাকে মুক্তি দেওয়ার জন্য আমি স্পিকারের মাধ্যমে অনুরোধ করছি।’

চিফ হুইপ আরও যোগ করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি কেবল কার্টুন নয় বরং সাইবার অপরাধ, মানব পাচার বা মানি লন্ডারিংয়ের মতো অপরাধে জড়িত থাকেন, তবে তা সরকারকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সংসদ প্রাণবন্ত থাকুক আমরাও চাই। নিয়ম অনুযায়ী নোটিশ দিলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী