ঢাকায় শীতের দাপট, আছে সুখবরও
প্রকাশ : ০৭-০১-২০২৬ ১১:১৫
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরো বেড়েছে। রাজধানী ঢাকায় বুধবার (৭ জানুয়ারি) সকালে শীতের দাপট আরো বেড়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস, আজ আরো কমে হয়েছে ১২ দশমিক দুই।
ঢাকায় সকাল থেকে হালকা-মাঝারি কুয়াশা পড়ার পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের। ভোর থেকে বেলা নয়টা পর্যন্ত কুয়াশার উপস্থিতি দেখা গেছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে দুপুরের দিকে আবহাওয়া তুলনামূলক উষ্ণ অনুভূত হওয়ার আভাস মিলেছে। বাস্তবেও ঢাকার আকাশে কুয়াশা ভেদ করে সূর্যকে উঁকি দিতে দেখা যায়।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে কুয়াশা পড়া ও তাপমাত্রা বাড়ার তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে কোথাও কোথাও হালকা কুয়াশা থেকে মাঝারি কিংবা ঘন কুয়াশা পড়ার কথা রয়েছে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে দেশজুড়ে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নামার শঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকবে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমতে পারে।
আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছী উপজেলায় রেকর্ড করা এ তাপমাত্রা ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com