weather ৩০.৪৮ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে বাহারি মৌসুমি ফল, দাম চড়াই

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ০২:০৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গ্রীষ্মকাল শেষ হচ্ছে আজ শনিবার (১৪ জুন)। বাজারে উঠেছে বাহারি দেশি মৌসুমি ফল। আম, লিচু, কাঁঠাল, জাম, জামরুল, লটকন, ডেউয়া, তালশাঁসসহ নানা ধরনের রঙিন ফল এখন শহরের বড় বড় বাজার ও রাস্তার পাশের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তবে এসব রঙিন ও বাহারি ফলের পসরা যতটা না চোখে আরাম দিচ্ছে, তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে এর দাম। কারণ, মৌসুমি ফলের সরবরাহ থাকলেও দাম এতটাই বেশি যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে এই ফলগুলো স্বল্প আয়ের মানুষের কাছে এখন যেন এক বিলাসিতার নাম হয়ে দাঁড়িয়েছে।

বাজারে ফলের দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্পষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। কেউ বলছেন ফলের দাম তুলনামূলক কম, কেউ বলছেন বেড়েছে। এমন অবস্থায় যারা মৌসুমি ফল খেতে আগ্রহী, তারাও একাধিকবার ভাবছেন কিনবেন কিনা। অনেকেই সাধ করে ফল কিনতে এসেও দাম শুনে পিছিয়ে যাচ্ছেন। রাজধানীর একাধিক এলাকার ফলের দোকানে ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে এখন যে সব ফল পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, জামরুল, লটকন, ডেউয়া, কাউ ফল ও তালশাঁস। এসব ফল মান ও আকারভেদে বিক্রি হচ্ছে ভিন্ন দামে। যেমন, আম্রপালি জাতের আম প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা, হিমসাগর ৭০ থেকে ১২০ টাকা, ল্যাংড়া ৯০ থেকে ১১০ টাকা, আর হাঁড়িভাঙা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। কাঁঠালের দাম আকারভেদে ২০০ থেকে ৪০০ টাকা প্রতি পিস। জাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকা, জামরুল ২০০ টাকা, ডেউয়া ২৫০ থেকে ৩০০ টাকা, কাউ ফল ৩৬০ টাকা, লটকন ৩০০ টাকা এবং তালশাঁস প্রতি পিস ১০ টাকা, অর্থাৎ একটি তাল ৩০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

মগবাজারে ফল বিক্রেতাদের একজন আয়নাল মিয়া বলেন, গত বছরও এই সময়ে আমের দাম এরকমই ছিল। এখন রাজশাহীর আম বাজারে এসেছে বলে দাম কিছুটা বেশি। সাতক্ষীরার আমের দাম তুলনামূলক কম থাকে।

মালিবাগ এলাকায় ফল বিক্রেতা শুক্কুর আলী বলেন, ভালো কোয়ালিটির আম বিক্রি করি, তাই দাম একটু বেশি। তার মতে, গত বছরও তিনি একই দামে আম বিক্রি করেছেন।

তবে বিক্রেতা খিলগাঁওয়ে বিক্রেতা রমজান মিয়া বলেন, এই বছর আমের দাম কম। গত বছর ১০০ টাকা দিয়ে শুরু হলেও এবার ৭০-৮০ টাকা কেজিতে আম বিক্রি করছি।

ক্রেতাদের মধ্যে কেউ কেউ ফলের দামকে গ্রহণযোগ্য মনে করলেও অনেকেই অভিযোগ করছেন দাম বেশি। কাঁঠালবাগানে রফিকুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, সিজনাল ফল খাওয়াটা জরুরি, তাই কিছু কিনছি। দাম মোটামুটি ঠিকই আছে, তবে আরো একটু কম হলে ভালো হতো।

সেগুনবাগিচায় আবদুর রহিম নামে নিম্ন আয়ের একজন বলেন, সবাই বলবে দাম কম, কিন্তু আমার মতো মানুষের জন্য এটি অনেক বেশি। তাই বড় সাইজের আম না কিনে ছোটটাই নিচ্ছি।

লিচুর দাম নিয়ে বিক্রেতাদের বক্তব্যে রয়েছে বেশ বৈচিত্র্য। কেউ বলছেন, এই বছর দাম কমেছে, আবার কেউ বলছেন বেড়েছে।

কারওয়ানবাজারে বিল্লাল হোসেন নামের একজন বিক্রেতা জানান, গত বছর এই সময়ে লিচু ছিল ৭০০-৮০০ টাকা, এবার ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।

একই বাজারে আলম নামে এক বিক্রেতা বলেন, গত বছর ৪০০-৪৫০ টাকায় বিক্রি করলেও এবার দাম বেশি ছিল। তবে ঈদের আগে থেকে একটু কমেছে। 

একই বাজারের আরেক বিক্রেতা সাকিব জানান, গত বছর ৩০০-৪০০ টাকায় পাওয়া গেলেও এবার এখনো সে রকম দাম হয়নি।

পল্টনে লিচু কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাকিবুল ইসলাম বলেন, ফলের মান অনুযায়ী দাম তো একটু বেশি থাকবেই। তবে দামটা মোটামুটি ঠিকই আছে।

বায়তুল মোকাররমের কাছে ক্রেতা কাউসার হোসেন বলেন, দাম কম বলা তখনই ঠিক হয়, যখন সেটি সবাই কিনতে পারে। আমি কিনতে পারছি বলে তা সবার জন্য সস্তা হয়েছে বলা যাবে না।

কাঁঠালের বাজারে চাহিদা তুলনামূলক কম হলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। কেউ কেউ আকার, স্বাদ ও উৎপত্তিস্থানের দোহাই দিয়ে বেশি দাম চাচ্ছেন।

মহাখালি বাজারে একজন বিক্রেতা বলেন, চট্টগ্রামের কাঁঠালের স্বাদ নেই। গাজীপুরের কাঁঠাল মিষ্টি বেশি, তাই দামও বেশি। অনেকে ভুল করে অন্য জায়গার কাঁঠাল গাজীপুরের বলে বিক্রি করে, আমি আসলটাই বিক্রি করি।

জাম, জামরুল, ডেউয়া, কাউ ফল, লটকন ও তালশাঁসের মতো দেশি ফলগুলোও দামে বেশ চড়া। ফলে অনেকেই শখ করে খেতে চাইলেও দামের কারণে কিনতে পারছেন না। উত্তরার একটি ফলের দোকানে এক ক্রেতা বলেন, এই সময়ে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোর অনেকটাই নতুন প্রজন্ম চেনে না। বাচ্চাদের জন্য কিনে নিচ্ছি, যেন চিনতে পারে। কিন্তু দাম তো কম না, ডেউয়া ৩০০ টাকা কেজি! এত দামে তো কেউ কিনতে চাইবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত