যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, আছে আরো অনেক দেশ
প্রকাশ : ০৭-০১-২০২৬ ১১:২৬
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরো কঠোরতা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ আরো ২৫টি দেশকে যুক্ত করে মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনের সময় সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার বিধান চালু করা হচ্ছে।
ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। বন্ডের সর্বোচ্চ যে পরিমাণ, তা প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার।
তালিকায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বহু দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কোট ডি’আইভরি, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও তোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
এদিকে, ভেনেজুয়েলাও এই তালিকায় রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা।
ভিসা বন্ড কী: ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।
প্রতিবছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কোনো নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়।
বেশির ভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়। কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com