weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোট : শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

প্রকাশ : ১২-০২-২০২৬ ১২:৩৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতীহীন বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

২০২৪ সালে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট (গণভোট) দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।

ভোট দিতে ভোর থেকে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ভোট দিতে কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখে গেছে। কিছু কিছু কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেই আশা করছেন তারা।

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকাল পৌনে নয়টার দিকে ভোট দেন ঢাকা-১৫ আসনের এই প্রার্থী। ভোট দেওয়ার পর তিনি বলেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে। এই ভোটের মাধ্যমে ভবিষ্যতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। তারা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। ঢাকা-১১ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী সকাল ৮টার দিকে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ১১-দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে সরকার গঠনের লক্ষ্যে। তারা মনে করছেন, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন। নির্বাচন সুষ্ঠু হলে জনরায় মেনে নেবেন বলেও জানান তিনি।

একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ২৯৯টি আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার আছেন ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত