weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আশা, এক বছরে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ২০:৫৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করেছে, রেমিট্যান্স, রপ্তানি আয় এবং উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক চার বিলিয়ন ডলারে উন্নীত হবে।

এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন জাতীয় সংসদে উপস্থাপনযোগ্য প্রস্তাবিত বাজেটে। সরকার মনে করছে, রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত বৈদেশিক অর্থায়ন মিলিয়ে রিজার্ভের কাঙ্ক্ষিত মাত্রা অর্জন সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৪ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭০ বিলিয়ন ডলার; যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দেড় বিলিয়ন ডলার বেশি (২০২৩ সালের মে মাসে রিজার্ভ ছিল ২৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার)। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক দুটি পদ্ধতিতে রিজার্ভ হিসাব করছে। 

এর মধ্যে একটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল সিক্স। এই পদ্ধতিতে রিজার্ভের হিসাব আরো কঠোরভাবে করা হয় এবং আইএমএফের সুপারিশ অনুযায়ী ২৪ মে পর্যন্ত বাংলাদেশের ব্যবহারযোগ্য ন্যূনতম রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয় মনে করছে, রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হবে ডলারের স্থিতিশীল বিনিময় হার, প্রবাসী আয় বা রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি এবং উচ্চ সুদের হার। পাশাপাশি আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে জুন মাসের মধ্যেই সরকার প্রায় তিন দশমিক তিন বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়ার আশা করছে; যা রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সরকারের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই রিজার্ভ ৩১ দশমিক আট বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও এক অনুষ্ঠানে জানিয়েছেন, অর্থনীতির ধীরে ধীরে পুনরুদ্ধার ঘটায় চলতি বছরের জুন শেষে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। 

তিনি বলেন, ইতোমধ্যে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে এবং আমরা আশা করছি, আগামীতে এটি আরো বাড়বে। তার মতে, দীর্ঘমেয়াদে রিজার্ভকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে, তবে এটি সময়সাপেক্ষ।

সরকার আশা করছে, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে; যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে নির্ধারিত ছিল নয় শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে নয় শতাংশ; যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

অন্যদিকে আমদানি খাতে ২০২৫-২৬ অর্থবছরে আট শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা চলতি অর্থবছরের সংশোধিত পাঁচ শতাংশের চেয়ে বেশি। একইসঙ্গে, রেমিট্যান্স প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট শতাংশ, যদিও চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে তা ছিল ২০ শতাংশ। 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় এই খাতকে ঘিরে আশাবাদী সরকার। গত বছরের জুলাই থেকে ২০২৪ সালের ১১ মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার; যা আগের বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ডলারের বিনিময় হারের মধ্যে ব্যবধান কমে আসা, হুন্ডি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রবাসীদের মধ্যে দেশপ্রেম ও অর্থনীতির প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টির ফলে আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স প্রেরণের প্রবণতা বাড়া। এতে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে।

সব মিলিয়ে সরকারের প্রত্যাশা, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি, আমদানি, রেমিট্যান্স এবং বৈদেশিক সহায়তার সমন্বয়ে দেশের রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং অর্থনীতির স্থিতিশীলতা আরো সুসংহত হবে। রিজার্ভ বাড়ার ফলে বৈদেশিক লেনদেনের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি ডলারের ওপর চাপও কিছুটা কমবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত