সর্বনিম্ন তাপমাত্রা কমল, নয় জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
প্রকাশ : ১১-০১-২০২৬ ১২:২৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এক দিনের ব্যবধানে দেশে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমে গেল রবিবার (১১ জানুয়ারি)। তবে আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কমেছে। আজ দেশের নয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শনিবার এর সংখ্যা ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রা আবার একটু একটু করে কমতে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা। আজ রাজধানীর তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার এই তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। টানা চার দিন ধরে এই জনপদে থাকছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তবে শনিবারের চেয়ে রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা খানিকাটা বেড়েছে এবং সেই সঙ্গে কমেছে শৈত্যপ্রবাহের এলাকা। আজ সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সার্বিকভাবে তাপমাত্রা বাড়তে পারে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।
গত শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়, ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এ তাপমাত্রা ছিল ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এর মধ্যে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও বাড়ছে। এ দুইয়ের ব্যবধান বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com