weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ

প্রকাশ : ২১-০৫-২০২৬ ১৯:০৫

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকারের নির্বাচনে সংঘাত-সহিংসতার অতীত তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আগামীতে অনুষ্ঠেয় এ ভোটে তিনি কোনো রক্তপাত দেখতে চান না। রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই, সুন্দরভাবে কনডাক্ট করতে চাই।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনফ্রেলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয় সরকারের নির্বাচনে সহিংসতা নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্য তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ২০১৬ সালে স্থানীয় সরকারের ভোটে ২৩৬ জন মারা গেছে। ২০২১ সালে ইউপি ভোটে ১১৩ জন মারা গেছে।

“আশির দশকে এরশাদের শাসনামলে স্থানীয় নির্বাচনে অনেক মার্ডার হয়েছে। মারামারি করে আহতদের দিয়ে হাসপাতালগুলো ভরে যেত। এ সহিংসতা থামাতে হবে। সহিংসতা থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।”

স্থানীয় সরকারের ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে ভোটের প্রস্তুতি চলছে।

ধাপে ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন চলতি বছর নাগাদ শুরুর পরিকল্পনা রয়েছে। নির্দলীয় এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তাও চান নাসির উদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যোগ দিয়ে বলেছিলাম চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা ও সাহস আমার রয়েছে। সবার সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এ ইলেকশনটা ডেলিভার করেছি।”

সেই নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকারের নির্বাচনও করতে চান সিইসি নাসির উদ্দিন।

তিনি বলেন, “এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের ভোটে অনেক কাজ, এখানে সবার সহযোগিতা আরও প্রয়োজন।

“সুষ্ঠু নির্বাচন করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাবো। সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন করতে পারব আমরা।”

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে ইসি আলোচনা করবে জানিয়ে সিইসি বলেন, “সবার সহযোগিতা চাই, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ভোটকে সামনে রেখে সচেতনতামূলক প্রচারণা করা হবে। অংশীজনের সঙ্গে কথা বলব।

“সবাইকে একত্রিত করার চেষ্টা করব—যাতে করে সংঘাত এড়িয়ে সুন্দর একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারি, সে চেষ্টা করব। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট খুবই দরকার।”

রাজনৈতিক দলের সহায়তা ছাড়া সংঘাতহীন নির্বাচন করা সম্ভব নয় বলেই মনে করেন নাসির উদ্দিন।

তার কথায়, “নির্বাচনের ইতিহাস দেখেছি—লোকাল গভর্নমেন্ট ইলেকশন সংঘাতপূর্ণ হয়। জাতীয় নির্বাচন যেহেতু সুন্দরভাবে আমরা ডেলিভার করেছি, আশা করি লোকাল গভর্নমেন্ট আমরা পারব ইনশাল্লাহ। সে আত্মবিশ্বাস আছে আমাদের।”

সিইসি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব হয় না, সরকারের সংস্থাগুলোর সহায়তা লাগবে।

“নির্বাচন কমিশন কারো পক্ষেও না, বিপক্ষেও না। আমরা সবার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। জাতীয় নির্বাচন আমাদের একটা স্ট্যান্ডার্ড, বটম লাইন হয়ে গেছে। এটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে।”

অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচন করার পর দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাসির উদ্দিন বলেন, “আমরা তো দেখেছি, প্রত্যেকটি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খুনাখুনি হয়। এ খুনাখুনি যাতে না হয়, সেজন্য সবার সহযোগিতা নিয়ে আমরা নির্বাচন করব। কোনো ধরনের যাতে রক্তপাত না হয়, সেটাই মূল লক্ষ্য। এ সরকার জনগণের প্রতিনিধি।

“এ গণতান্ত্রিক সরকার চাইবে—স্বচ্ছ, সুন্দর নির্বাচন হোক; তাতে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। ইলেকশনটা চ্যালেঞ্জ হবে, সবার সহযোগিতা থাকলে এ চ্যালেঞ্জ মোকাবিলা করার আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ