রাজধানীর শ্যামলীতে ট্রাকের চাপায় দুজন নিহত
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামলীতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত পৌনে পাঁচটার দিকে শ্যামলী স্কয়ারের সামনের ফুট ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, দৌড় দিয়ে সড়ক পার হওয়ার সময় দুজন ট্রাকের চাপায় পিষ্ট হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ২০ বয়স। আরেকজনের নাম জানা যায়নি। সে বয়সে কিশোরী। দুজনই সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। একজনের মৃত্যু ঘটনাস্থলে হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।
ঘটনার বিষয়ে ওসি আব্দুল হালিম তার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একটি প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল হাসান খান ঘটনাস্থলে যান। তিনি সড়কে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একজন কিশোরী ঘটনাস্থলেই মারা যান। তার মাথার খুলি ছিল ভাঙা। অপরজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। তার নাম মুক্তা বলে জানা যায়। দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান চিকিৎসক। অপরজনের মৃত্যু হয় চিকিৎসা চলাকালে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া দুজনই ফুটপাতে থাকতেন।
ওসি আব্দুল হালিম বলেন, নিহত দুজনের নাম–পরিচয় সম্পর্কে তথ্য পেতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি জানানো হয়েছে। তারা দুজনের আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় জানার চেষ্টা করবে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আব্দুল হালিম বলেন, বেপরোয়া গতির ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিপলসনিউজ/আরইউ