রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
প্রকাশ :
ছবি : সংগৃহীত
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এদিনই তিনি রাজশাহী ছেড়েছেন।
বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
কী কারণে বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এটি সব সময়ই হয়।
মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন। দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ জন্য রাতে দায়িত্ব ছেড়ে তিনি একটি গাড়িতে রাজশাহী ত্যাগ করেন। রাত সাড়ে ১১টায় তিনি শহরের তালাইমারী এলাকা অতিক্রম করেন। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন।
ইউসুফ আলী গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিভাগীয় কমিশনার হিসেবে তিনি বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করছিলেন।
পিপলসনিউজ/আরইউ