ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন। মারা যাওয়া সাত জনই ঢাকা দক্ষিণ সিটির। বুধবার (২১ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনে মারা গেছে ১১৯ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৭৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৪০ জন। এ পর্যন্ত মোট এক লাখ ১০ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬০২ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, বরিশালে ২২৫ জন, রাজশাহীতে ১১১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
পিপলসনিউজ/আরইউ