weather ২৪.৬৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশ :

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যেই সোমবার (২ নভেম্বর) এ হামলা চালানো হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় অগ্রগতির ওই ইঙ্গিত দিয়েছিলেন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ হবে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো এ হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরানে গোপনে যুক্তরাষ্ট্রের চালানো সীমিত পরিসরের ধারাবাহিক হামলার ঘটনার সর্বশেষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানের ওপর ছোট পরিসরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকজন কর্মকর্তা এসব হামলাকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের ভাষ্য, ইরান যেন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অবাধ সুযোগ না পায়, তা নিশ্চিত করতেই এসব হামলা চালানো হচ্ছে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এ নৌপথ ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ওই সব হামলার কথা প্রকাশ্যে ঘোষণা করেনি। কারণ, ওয়াশিংটন এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরুর কোনো ইঙ্গিত দিতে চায় না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন সোমবার ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। তবে সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তির আশায় সোমবার তেলের দাম সাত শতাংশের বেশি কমে গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে বুকে ছুরিকাঘাত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে বুকে ছুরিকাঘাত একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ দায় কার, আইনের প্রয়োগ কোথায়? দায় কার, আইনের প্রয়োগ কোথায়?