কল্যাণপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কল্যাণপুরে এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকার দিয়াবাড়ী মিরপুর বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তালহা বিন জসিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। দুর্ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা নিহত চারজনের মরদেহ উদ্ধার করে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পিপলসনিউজ/আরইউ