মুন্সীগঞ্জে মাজারে ঢুকে দিনমজুরকে কুপিয়ে হত্যা
প্রকাশ :
জাহেদ বেপারী, ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাহেদ বেপারীর (৫০) বাড়ি উপজেলার চরকেওয়ার ইউনিয়নে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন। বুধবার রাতে নিজ বাড়ির পাশে হজরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন। সে সময় একই এলাকার বাসিন্দা ফরিদ বেপারী ধারালো অস্ত্র হাতে ওই কামরায় ঢুকে জাহেদকে কুপিয়ে জখম করেন। উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্র জানিয়েছে, সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাহেদকে ঢাকায় পাঠানো হয়।
ফরিদ বেপারীকে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ, জানিয়েছেন ওসি তছলিম উদ্দিন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানান ওসি তছলিম।
জাহেদের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, বাড়ির পাশেই মাজার। আমার বাবা মাজারে প্রায় সময় রাতে ঘুমাতেন। আর ফরিদ পরিকল্পিতভাবে মাজারে ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করেন বাবাকে। তিনি মারা যাওয়ার আগে এই কথা বলে গেছেন। আমার বাবার হত্যাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
পিপলসনিউজ/আরইউ