ছয় মাস ঘুমাতে পারেননি কারিনা কাপুর
প্রকাশ :
ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর একসঙ্গে ‘কফি উইথ করণ’ শোতে এসেছিলেন বলিউড তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। অনুষ্ঠানের নবম সিজনের চতুর্থ পর্বে তাদের দেখা যাবে।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে পর্বটির কয়েকটি প্রোমো। সেখানে সাইফের রসবোধ ও কারিনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
অনুষ্ঠানে সাইফের ওপর ২০২৫ সালের জানুয়ারিতে হওয়া ছুরিকাঘাতের ঘটনা এবং সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তারা।
কারিনা জানান, ঘটনার পর টানা ছয় মাস ঠিকমতো ঘুমাতে পারেননি। আতঙ্ক তাকে তাড়া করে ফিরতো।
সেই রাতের কথা স্মরণ করে কারিনা বলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিলাম, ‘থামো, থামো।’ পুরো ঘটনাটি যেন সিনেমার কোনো দৃশ্য ছিল।
অন্যদিকে, সেই রাতকে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি বলে উল্লেখ করেন সাইফ আলী খান। তার ভাষায়, ‘এটি ছিল রাতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত।’
হামলায় পাওয়া আঘাতের তীব্রতা অনুযায়ী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কতটা সময় লেগেছিল, সে কথাও জানান অভিনেতা। তাদের সন্তানদের সামনেই পুরো ঘটনাটি ঘটায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। ওই দুঃসময়ে কাছের মানুষদের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও তুলে ধরেন এই দম্পতি।
২০২৫ সালের ১৬ জানুয়ারি ভোরে মুম্বাইয়ে নিজের বাসভবনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছয়বার ছুরিকাঘাতের শিকার হন তিনি। এতে তার মেরুদণ্ড, ঘাড় ও হাতে আঘাত লাগে।
পরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে প্রায় আড়াই ঘণ্টার নিউরোসার্জারি ও প্লাস্টিক সার্জারি করা হয়।
পিপলসনিউজ/আরইউ