এইচএসসি পরীক্ষা : পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে দুই লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এসব আবেদন করেছেন।
জানা যায়, শিক্ষার্থীরা ইংরেজি, আইসিটিসহ বিভিন্ন বিষয়ে উত্তরপত্র (বিষয়) পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এর মধ্যে কেবল ঢাকা বোর্ডেই পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে তিন লাখ ৩৫ হাজার ৮৭৯টি।
ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার দুটি করে আবেদন জমা পড়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে।
ঢাকা বোর্ডে এ দু’টি বিষয়েই সর্বোচ্চ উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন জমা হয়েছে।
ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দুই বছর ধরে পরীক্ষাগ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া শিক্ষক সংকটও একটি বড় কারণ। অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, এমনকি সরকারি কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।
তা ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আইসিটি সহজবোধ্য হলেও মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সিলেবাস বেশ কঠিন বলেও মনে করেন তিনি।
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রসায়নে; প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এ ছাড়া জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে তিন হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে এক হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে তিন হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় দুই হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।
কাঙ্ক্ষিত ফল না পেয়ে প্রায় তিন লাখ শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এ আবেদনের শেষ সময় ছিল রোববার দুপুর ১২টা পর্যন্ত।
আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এতে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্র পুনর্মূল্যায়ন আবেদন করে। তাতে ফেল থেকে পাস করেছিল ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী; নতুন করে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ জন। আর গ্রেড পরিবর্তন হয় প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর।
পিপলসনিউজ/আরইউ