শেখ হাসিনার নতুন পাসপোর্ট : ই-মেইল পেয়ে ঢাকায় পাঠিয়েছে হাইকমিশন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই-মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।
তবে ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র নেই। কারো পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
দিল্লির কূটনৈতিক সূত্র সোমবার (৯ নভেম্বর) ই-মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, এ ধরনের একটি ই-মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লি হাইকমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।
শেখ হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা।
শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
হুমায়ুন কবির বলেন, তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
পিপলসনিউজ/আরইউ