weather ২৬.৯৭ o সে. আদ্রতা ৮০% , সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বানে শুরু কপ-৩১

প্রকাশ :

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বানে শুরু কপ-৩১

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী ভাষণে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের মতো দুর্যোগ বিশ্ব অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নিতে হবে।

একই দিনে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড সংরক্ষণের ইতিহাসে গত ১২ বছর ছিল সবচেয়ে উষ্ণ। এর মধ্যে শেষ চার বছর ছিল সর্বোচ্চ উষ্ণতার শীর্ষে।

জ্বালানি রূপান্তর ও জলবায়ু অর্থায়নে গুরুত্ব

কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তের সুফল যেন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতে হবে। জ্বালানিসাশ্রয়ী ভবন, পরিবেশবান্ধব পরিবহন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জলবায়ু কার্যক্রমের বাস্তব সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন কুরুম। এ উদ্যোগের আওতায় ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেন তিনি।

জলবায়ু অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়ে কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বাড়িয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ওপরও জোর দেন তিনি।

সম্মেলনের প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন জলবায়ু অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতি সুরক্ষায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল জানান, চলতি বছরের প্রথম ছয় মাসেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে বিশ্বজুড়ে প্রায় ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রথম দিনের আলোচনায় খাদ্য, কৃষি ও স্বাস্থ্য

সম্মেলনের প্রথম দিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে খাদ্যনিরাপত্তা, টেকসই কৃষি ও জনস্বাস্থ্য। চলমান ‘সুপার এল নিনো’ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি অতিরিক্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কপ-৩১ প্রেসিডেন্সি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে।

এ ছাড়া কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণ ও নারী কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃথক সংলাপ ও উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টারকোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুর কথা রয়েছে। খাদ্য ও পানি ব্যবস্থাপনার মধ্যে টেকসই সমন্বয় প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের লক্ষ্য।

দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে জাতিসংঘের মূল আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ‘ব্লু জোনে’। অন্যদিকে, ‘গ্রিন জোনে’ নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও তরুণরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছেন।

জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর ও অভিযোজন—এই তিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কপ-৩১ কতটা কার্যকর দিকনির্দেশনা দিতে পারে, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর। আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সক্ষমতাই এবারের সম্মেলনের সাফল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বানে শুরু কপ-৩১ জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বানে শুরু কপ-৩১ ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিক পক্ষের, সময় চাইল মালিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিক পক্ষের, সময় চাইল মালিকপক্ষ শেখ হাসিনার নতুন পাসপোর্ট : ই-মেইল পেয়ে ঢাকায় পাঠিয়েছে হাইকমিশন শেখ হাসিনার নতুন পাসপোর্ট : ই-মেইল পেয়ে ঢাকায় পাঠিয়েছে হাইকমিশন এইচএসসি পরীক্ষা : পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন এইচএসসি পরীক্ষা : পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ