টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে টানা নয় দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে তিন হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
চলতি মাসে দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও আট দফা কমানো হয় স্বর্ণের দাম। এর মধ্যে গত ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফা দুই হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফা দুই হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফা দুই হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফা দুই হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফা ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়।
পরবর্তীতে গত বৃহস্পতিবার আবারও সপ্তম দফা দেশের বাজারে ভরিপ্রতি তিন হাজার ২৬৬ টাকা এবং শুক্রবার ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পিপলসনিউজ/আরইউ