weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসীদের পক্ষে সরব শাকিরা

প্রকাশ : ১৮-০৬-২০২৫ ২২:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
‘যুক্তরাষ্ট্রে অভিবাসীরা বেঁচে থাকে নিরন্তর ভয়ের মধ্যে, যা অত্যন্ত বেদনাদায়ক’— সম্প্রতি এমন অকপট মন্তব্য করেছেন বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী শাকিরা। নিজেও একজন অভিবাসী হওয়ায় তার কণ্ঠে এই বেদনার কথা উঠে আসা একেবারেই স্বাভাবিক। কৈশোরে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিরা। এরপর মিয়ামিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই সময় থেকেই অভিবাসন বাস্তবতা তার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। ফলে অভিবাসীদের প্রতি তার সহানুভূতি বরাবরই প্রবল।

চলতি বছরের শুরুতে সংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘গ্র্যামি’ জয়ের পর শাকিরা সেই পুরস্কারটি উৎসর্গ করেছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ভাইবোনদের প্রতি। ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি অভিবাসীদের পক্ষেই থাকবেন। এ অঙ্গীকার শুধু প্রতীকী নয়, বরং তার নিজস্ব জীবনের গল্প এবং অভিজ্ঞতার নির্যাস থেকেই উঠে এসেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে যখন দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন হলিউডের জনপ্রিয় তারকারাও। নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো অভিনেত্রীরা সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। সেই ধারাবাহিকতায় অভিবাসীদের পক্ষে আবারো স্পষ্ট বক্তব্য রাখলেন শাকিরা।

প্রভাবশালী বিনোদনমাধ্যম ‘ভ্যারাইটি’ জানায়, ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে শাকিরা বলেন, এখন, আগের চেয়ে অনেক বেশি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের স্পষ্ট করে বলতে হবে, একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু সব ধরনের মানুষের সঙ্গে দেশটির আচরণ অবশ্যই মানবিক হতে হবে। এই বক্তব্যে স্পষ্টভাবেই ফুটে ওঠে মানবতা ও সহমর্মিতার পক্ষে তার অবস্থান।

এর আগে এক সাক্ষাৎকারে শাকিরা নিজের অভিবাসী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। তিনি জানান, আরো অনেক কলম্বিয়ান নাগরিকের মতো তিনিও সুন্দর জীবনের আশায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কিন্তু সে পথ একেবারেই সহজ ছিল না। প্রযুক্তির আধুনিক সুবিধা তখনো ছিল না। গুগল বা চ্যাটজিপিটির মতো সাহায্যকারী টুল তখনো মানুষের হাতের নাগালে ছিল না। তখন তার একমাত্র ভরসা ছিল স্প্যানিশ থেকে ইংরেজি অনুবাদের অভিধান। শাকিরার ভাষায়, গান লেখার জন্য আমাকে ইংরেজি শিখতেই হতো। কিন্তু সময়টা সহজ ছিল না।

ইংরেজি ভাষাকে কীভাবে আপন করে তুলেছেন সে প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন শাকিরা। জানান, শুরুতে তিনি কবিতা পড়তেন, ইংরেজি গানের কথা পড়ে অনুপ্রেরণা খুঁজতেন। এভাবেই ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করেন ইংরেজিতে কীভাবে গান লেখা যায়। এই যাত্রায় তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে বিখ্যাত গায়ক ও গীতিকার বব ডিলানের কাজ। তার ভাষায়, আমার মনে হয়, এভাবেই আমি ধীরে ধীরে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি।

বর্তমানে শাকিরা তার বিশ্বসেরা কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সফরের সূচনা হয়েছে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি, ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে। এরপর একে একে তিনি পারফর্ম করেছেন বোস্টন, টরন্টো, মিয়ামি, ডেট্রয়েট, হিউস্টন এবং সান দিয়েগোর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এই সফরের উত্তর আমেরিকা পর্ব শেষ হবে আগামী ৩০ জুন, সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য একটি কনসার্টের মধ্য দিয়ে।

শাকিরা শুধু সংগীতশিল্পী নন, তিনি একজন বৈশ্বিক আইকনও বটে। ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন বিশ্বজুড়ে পরিচিত নাম। সেই সময় পুরো বিশ্ব তার গানের তালে নেচে উঠেছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত