weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভালো করছেন বাংলাদেশের মিথিলা

প্রকাশ : ১৩-১১-২০২৫ ২৩:২০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করছে কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। ‘পিপলস চয়েজ’ বিভাগে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত এক লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তিন নম্বরে চলে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। পিপলস চয়েজ ছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন মিথিলা।

প্রথম অবস্থানে আছেন ফিলিপাইন এবং দ্বিতীয় অবস্থানে চিলির প্রতিযোগী। রাতে আরো একধাপ এগিয়ে যান মিথিলা, ভোরে দ্বিতীয় অবস্থানে দেখা যায় তাকে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট।

ফুকেটের ইভেন্ট শেষে পাতায়ায় অবস্থান করা মিথিলা একটি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে তিন নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। একদম বাকরুদ্ধ হয়ে পড়ি। কান্না চলে আসে। কাঁদছিলাম। 

তিনি বলেন, এই অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, এই মঞ্চে বিজয়ী দেখতে চাইছেন, তা সত্যিই আমাকে অভিভূত করেছে। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। 

মিথিলা বলেন, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ভোট আর বিচারকের রায়— দুই-ই দরকার। তিনি বলেন, থাইল্যান্ডে আসার পর এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, প্রতিটিতে আমার পারফরম্যান্স ভালো, সবার কাছ থেকে তেমনটাই বুঝতে পারছি। আমার বিশ্বাস— আগামী ইভেন্টগুলোও দারুণভাবে উতরাতে পারব। এখন শুধু দরকার দেশের মানুষের ভোট। আমি শুনেছি, শুধু মঙ্গলবারেই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে। 

এ অভিনেত্রী বলেন, এই প্রথম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশ এত ভালো অবস্থানে আসতে পেরেছে। আমি মনে করি, দেশের মানুষের এমন সমর্থন পেলে সবাইকে সুখবর দিতে পারব।

মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের ফেসবুক পেজে বুধবার রাতে একটি পোস্টে লিখেছে— ‘দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার। ইনশাআল্লাহ আজ রাতেই হবে। বাংলাদেশ অদম্য, বাংলাদেশের জন্য ভোট দিন।’

উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি। 

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে চলেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত