weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মজুরি বোর্ডের সভা

শ্রমিকপক্ষ চায় ২২ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০

প্রকাশ :

শ্রমিকপক্ষ চায় ২২ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করে। সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা।

এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দেয়। সোমবারের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া সভাটি মুলতবি হয়। মুলতবি এই সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টায় শুরু হবে।

মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সোমবারের সভায় দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাবিত মজুরি একাধিক দফায় সংশোধন করে।

মজুরি বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সোমবারের সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথম সভা হয় ৪ নভেম্বর। আর ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভার তারিখ ধার্য ছিল। সেই সভায় মালিকপক্ষের প্রস্তাব জমার কথা ছিল। কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। স্থগিত সেই সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচনার বিরতিতে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানি বোর্ডের অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় মালিকেরা কত মজুরি প্রস্তাব করেছেন, তা জানতে চান সাংবাদিকেরা। তবে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। তার ওপর আলোচনা চলছে এবং আমরা এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড়, মাঝারি যেসব শিল্পকারখানা পরিদর্শনে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, সেগুলোও উপস্থাপন করা হয়েছে। সেগুলো নিয়ে যুক্তিতর্ক চলছে।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই প্রকাশ করব না। কারণ, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।’

মজুরি নির্ধারণের কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে—জানতে চাইলে ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমরা মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা কী, বিশেষ করে ছোট শিল্পগুলোর কী অবস্থা, মাঝারি শিল্পগুলোর কী অবস্থা, বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা করছি।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষ আমাদের প্রস্তাবও গ্রহণ করেনি। এখন আমরা আমাদের সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে, সংশোধিত প্রস্তাব দেব। আশা করি, মালিকপক্ষের প্রতিনিধিও সংশোধিত প্রস্তাব দেবে।’

শ্রমিকদের আন্দোলন নিয়ে বাবুল আখতার বলেন, ‘চলতি মাসের নভেম্বর মাসের ১ তারিখ বা তার আগে থেকেই এ আন্দোলন চলছে। আমরা মনে করি, মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা এই আন্দোলন চালিয়ে যেতে চাইছে।’ তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কাজে ফিরুন, উৎপাদন অব্যাহত রাখুন।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ সোনার দাম দুই দিনে ৪৭২৪ টাকা বাড়লো সোনার দাম দুই দিনে ৪৭২৪ টাকা বাড়লো শ্রমিকপক্ষ চায় ২২ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০ শ্রমিকপক্ষ চায় ২২ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন