সোনার দাম দুই দিনে ৪৭২৪ টাকা বাড়লো
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বেড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিতে এক হাজার ৫৭৫ টাকা। সোমবার ভরিতে বেড়েছিল সর্বোচ্চ তিন হাজার ১৪৯ টাকা। দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ৭২৪ টাকা।
এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট নয় দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
আজ দাম বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
আজ দাম বাড়ার আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ১৯০ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা ছিল।
আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা। ২১ ক্যারেটে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা। ১৮ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনায় এক হাজার ৫০ টাকা বেড়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের ২১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।
পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর নয় শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
চলতি সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। নিউইয়র্কের সময় অনুযায়ী, সোমবার প্রতি আউন্স সোনার দাম দুই দশমিক ৫৮ শতাংশ বা ৯১ ডলার বেড়ে তিন হাজার ৬৩১ ডলার ছাড়িয়ে যায়। এর আগে টানা দাম কমেছে। ফলে গত শুক্রবার সোনার দাম কমে তিন হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পর এটিই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সোনার দাম প্রায় নয় শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
তবে ডলারের দর বৃদ্ধির ধারা কিছুটা থেমে যাওয়া এবং বন্ডের সুদহার কমে যাওয়ায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়তে শুরু করেছে।
পিপলসনিউজ/আরইউ