কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি
প্রকাশ :
ছবি : সংগৃহীত
তুরস্কের আনতালিয়া থেকে সোহেলী চৌধুরী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের অংশগ্রহণ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তে ইতিবাচক সুযোগ তৈরি হয়েছে। তবে সম্মেলনের অর্জন মূল্যায়নে কেবল কূটনৈতিক যোগাযোগ কিংবা রাজনৈতিক বক্তব্যকে বিবেচনায় নিলে চলবে না; অর্থায়নের নিশ্চয়তা ও বাস্তবায়নের অগ্রগতিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
গত ২২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শেষ হয়েছে জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১। নির্ধারিত সময়ের প্রায় ৫০ ঘণ্টা পর সমাপ্ত হওয়া এই সম্মেলন ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলন হিসেবে বিবেচিত হয়েছে। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্ত ‘আন্তালিয়া চুক্তি’ গ্রহণ করা সম্ভব হয়নি। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সম্মেলন সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্তে ঐকমত্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো।
এমন পরিস্থিতির মধ্যেও ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও কূটনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করে। তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগও তৈরি হয়।
রাজনৈতিক ঐকমত্য ছাড়াই শেষ সম্মেলন, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
কপ৩১-এর আলোচনায় সবচেয়ে বড় মতপার্থক্য তৈরি হয় জীবাশ্ম জ্বালানি প্রসঙ্গে। চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নরওয়ে, পানামা ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোসহ বেশ কয়েকটি দেশ আপত্তি জানায়। তারা খসড়াটি প্রত্যাখ্যান করে।
অন্যদিকে, আফ্রিকা ও আরব দেশগুলোর জোট জলবায়ু অর্থায়নকে অপর্যাপ্ত বলে সমালোচনা করলেও শেষ পর্যন্ত খসড়া গ্রহণে সম্মত ছিল। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোটও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ঐকমত্য তৈরি হয়নি।
সম্মেলনের সভাপতি মুরাত কুরুম মতবিরোধের বিষয়টি স্বীকার করে জানান, নতুন করে কোনো খসড়া উপস্থাপন করা হবে না। ফলে সামগ্রিক রাজনৈতিক চুক্তি ছাড়াই সম্মেলনের সমাপ্তি ঘটে।
তবে এর অর্থ এই নয় যে সম্মেলন থেকে কোনো অগ্রগতি আসেনি। অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, কার্বন বাজার এবং জলবায়ু অর্থায়ন নিয়ে পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের জন্য এসব সিদ্ধান্তের কয়েকটি বিশেষ তাৎপর্য বহন করছে।
বাংলাদেশের জন্য যে ছয়টি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হলো
কপ৩১-এর অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি হলো স্বল্পোন্নত দেশগুলোর জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে সহায়তার জন্য একটি পৃথক প্ল্যাটফর্ম গঠনে দেশগুলোর সম্মতি। এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকেই জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছিল। ফলে নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে অভিযোজন তহবিলের (অ্যাডাপটেশন ফান্ড) পরিচালনা ও অর্থের উৎসসংক্রান্ত দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে। প্যারিস চুক্তির ৬.৪ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজার থেকে অর্জিত অর্থের একটি অংশ এখন থেকে এই তহবিলে জমা হবে। একই সঙ্গে তহবিলের পরিচালনা পর্ষদে উন্নয়নশীল দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ যখন নিজস্ব কার্বন বাণিজ্য কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তখন এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়েছে।
বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) সূচকগুলো পরিমার্জনের দায়িত্বে থাকা টাস্কফোর্সেও এলডিসি দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এ কাজে এলডিসি জোটের মনোনীত তিনজন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হবেন। ফলে অভিযোজনসংক্রান্ত বৈশ্বিক সূচক নির্ধারণের প্রক্রিয়ায় স্বল্পোন্নত দেশগুলোর অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরার সুযোগ বাড়বে।
জলবায়ু অর্থায়ন নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি উন্নত দেশের আপত্তি থাকা সত্ত্বেও অর্থায়ন কর্মসূচি ২০২৮ সাল পর্যন্ত চালু রাখার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। এর ফলে প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা অব্যাহত রাখার সুযোগ থাকবে।
ক্ষয়ক্ষতি তহবিলের ক্ষেত্রেও প্রতিশ্রুত অর্থ দ্রুত প্রকৃত অর্থ পরিশোধে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে। এই তহবিলের পরিচালনা পর্ষদ আগামী ডিসেম্বর থেকে অর্থ বিতরণ শুরু করবে বলে জানা গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
এ ছাড়া সম্মেলনের আগে ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে আন্তালিয়া সম্মেলনে বাংলাদেশ এলডিসি জোটের সদস্য হিসেবে আলোচনা ও দর-কষাকষিতে অংশগ্রহণের সুযোগ ধরে রাখতে পেরেছে।
কূটনৈতিক পর্যায়েও বাংলাদেশের দৃশ্যমানতা বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি প্রস্তাব এবং তুরস্কের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও বিস্তৃত করেছে। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
অর্থায়নের প্রশ্নে বড় ঘাটতি, পূরণ হয়নি প্রত্যাশা
কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির বিপরীতে কপ৩১-এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল অভিযোজন অর্থায়ন নিশ্চিত করতে না পারা। এলডিসি জোট ও বাংলাদেশের প্রতিনিধিদল ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলারে অভিযোজন অর্থায়ন উন্নীত করার দাবি জানিয়েছিল। কিন্তু সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে এই অর্থায়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কিংবা তা হিসাবের ভিত্তিবছর নির্ধারণ করা হয়নি।
সুশীল সমাজের কয়েকটি সংগঠনের তথ্য অনুযায়ী, ফ্রান্স ২০১৯ সালকে ভিত্তিবছর হিসেবে বিবেচনার প্রস্তাব দিয়েছিল। এই ভিত্তি গ্রহণ করা হলে অর্থায়নের লক্ষ্যমাত্রা কমে বছরে মাত্র ৬০ বিলিয়ন ডলারে দাঁড়াত।
জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি (ইউএনইপি) পূর্বাভাস দিয়েছে, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে বছরে ৩০৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। সেই হিসাবে ১২০ বিলিয়ন ডলারের দাবিও মোট প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ পূরণ করতে পারত। অথচ আন্তালিয়া সম্মেলনে এই ন্যূনতম অর্থায়নের বিষয়েও কোনো সমঝোতা হয়নি। ফলে এ ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা কপ৩০-এর সমাপ্তিকালীন অবস্থার মধ্যেই রয়ে গেছে।
সম্মেলনে নতুন কোনো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিও আসেনি। একটি বিশ্লেষণে দেখা গেছে, সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭০ শতাংশ কমেছে। অন্যদিকে, ক্ষয়ক্ষতি তহবিলে প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৩৪২ মিলিয়ন ডলার, যেখানে প্রয়োজনীয় অর্থের দাবি ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। অর্থাৎ ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজনের তুলনায় প্রতিশ্রুত অর্থের পরিমাণ এখনো অনেক কম।
প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
গত ১২ নভেম্বর কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সুরক্ষায় পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও কার্যকর করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের পরিবর্তে অনুদান প্রদান, ঋণের বোঝা কমানো এবং জলবায়ু প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এই বক্তব্যের তাৎপর্য হলো, বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তার সাধারণ আবেদন থেকে বেরিয়ে এসে জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিগত দাবি তুলে ধরেছে। প্রস্তাবগুলো এলডিসি জোটের সামগ্রিক অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ফলে ভবিষ্যতের জলবায়ু আলোচনায় বাংলাদেশের দর-কষাকষির অবস্থান নির্ধারণে প্রধানমন্ত্রীর বক্তব্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে।
কপ৩২ সামনে রেখে এখনই প্রস্তুতি জরুরি
কপ৩১-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পরবর্তী জলবায়ু কূটনীতির প্রস্তুতি এখন থেকেই শুরু করা প্রয়োজন। ২০২৭ সালের জুনে অনুষ্ঠেয় বন সম্মেলন এবং একই বছরের নভেম্বরে আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় কপ৩২ হবে বাংলাদেশের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ।
এসব সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি হওয়া উচিত, ২০২৫ সালের ৪০ বিলিয়ন ডলারকে ভিত্তি ধরে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়ন নিশ্চিত করা। এই অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার বিষয়টিও আলোচনায় অগ্রাধিকার পেতে হবে। এ লক্ষ্য অর্জনে এলডিসি জোট ও নেপালের মতো সমমনা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় আরও শক্তিশালী করা জরুরি।
নতুন জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে এখনই অর্থায়নযোগ্য প্রকল্পের তালিকা প্রস্তুত করতে হবে। এলডিসি তহবিলের আগের কর্মসূচিতে যেসব প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়নি, সেগুলো কেন বাদ পড়েছে তার ব্যাখ্যা চাওয়া এবং নতুন কর্মসূচিতে সেগুলো পুনরায় জমা দেওয়ার প্রস্তুতিও নিতে হবে।
ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ পাওয়ার জন্য বাংলাদেশের আবেদন দ্রুত প্রস্তুত করা প্রয়োজন। আগামী ডিসেম্বরের আগে, অর্থাৎ তহবিলের পরিচালনা পর্ষদের বৈঠকের আগেই আবেদন জমা দেওয়ার উদ্যোগ নিতে হবে।
একইভাবে অভিযোজন তহবিলে কার্বন বাজার থেকে অর্থের নতুন উৎস সৃষ্টি হওয়ার সুযোগ কাজে লাগাতে জাতীয় কার্বন বাণিজ্য কাঠামো দ্রুত চূড়ান্ত করা জরুরি। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা, পরিবেশগত সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্যারিস চুক্তির ৬ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজারের বিধিবিধান নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ২০২৮ সালে এ বিষয়ে পর্যালোচনার কথা রয়েছে। তাই বাংলাদেশকে এমন একটি কাঠামো তৈরি করতে হবে, যা পরিবেশগত অখণ্ডতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়।
কূটনৈতিক অর্জনকে বাস্তব সুরক্ষায় রূপ দেওয়াই চ্যালেঞ্জ
সব দিক বিবেচনায় কপ৩১ বাংলাদেশের জন্য পুরোপুরি হতাশার সম্মেলন ছিল না। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে পৃথক প্ল্যাটফর্ম গঠন, অভিযোজন তহবিলে কার্বন বাজারের অর্থ যুক্ত করা এবং এলডিসি দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করেছে।
তবে এসব অর্জনের বিপরীতে জলবায়ু অর্থায়নের পরিমাণ, অর্থ ছাড়ের সময়সীমা এবং অর্থ পাওয়ার শর্ত নিয়ে মৌলিক অনিশ্চয়তা এখনো কাটেনি। রাজনৈতিক সমর্থন কিংবা আন্তর্জাতিক প্রতিশ্রুতি তখনই কার্যকর হবে, যখন তা বাস্তব অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে রূপ নেবে।
বাংলাদেশের সামনে এখন তিনটি বড় দায়িত্ব—আন্তর্জাতিক দর-কষাকষিতে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখা, অর্থায়নের সুযোগ কাজে লাগানোর মতো প্রকল্প ও নীতিগত প্রস্তুতি সম্পন্ন করা এবং দেশের অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। কপ৩১-এ অর্জিত কূটনৈতিক অগ্রগতিকে যদি এসব উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, তাহলেই তা উপকূলীয় অঞ্চল, নিম্নাঞ্চল এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সোহেলী চৌধুরী, তুরস্ক থেকে ফিরে