সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
প্রকাশ :
ছবি : সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চিংড়ি মাছ খাওয়ার পর তীব্র অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া মোহাম্মদ ইব্রাহিম (৩০) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, শুক্রবার বেলা আড়াইটার দিকে ওই পর্যটক হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাকে সেন্ট মার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।
পরে বিকাল ৩টার দিকে স্পিডবোটে তাকে টেকনাফে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে রেফার করা হয়। তার সঙ্গে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ইব্রাহিমের আগে থেকেই ‘অ্যানাফাইল্যাক্টিক শক’ বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।
নিহত ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম বলেন, সেন্ট মার্টিন বাজারে হোটেলে দুপুরের খাবারে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুকে বাঁচানো যায়নি।
তিনি বলেন, একসঙ্গে তিন বন্ধু ভ্রমণে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি।
টেকনাফের ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।
পিপলসনিউজ/আরইউ