লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটযোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফিনিয়ে আনা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত মঙ্গলবার লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক।
পিপলসনিউজ/আরইউ