মিসরে জ্বালানিবাহী ট্রাক উল্টে আগুন, নিহত ৩১
প্রকাশ :
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্রাক উল্টে অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) কায়রোর আল-ওয়ারাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
এএফপির ভিডিওতে দেখা যায়, ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এ সময় গাড়িচালকেরা হর্ন বাজিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রিং রোডে জ্বালানিবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যায়। রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী এই মহাসড়কটি বেশ ব্যস্ত। ট্রাকটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আশপাশের কয়েকটি গাড়িও পুড়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী আবদেল রহমান খলিল এএফপিকে বলেন, ‘দৃশ্যটা ভয়াবহ ছিল।’ দুর্ঘটনার কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উল্টে যাওয়া ট্রাকটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন।
মিসরের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে।
দুর্ঘটনার পর জরুরি সতর্কতার মাত্রা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থল ও আশপাশের হাসপাতাল পরিদর্শন করেছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট আল-কাহেরা নিউজকে স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র বলেন, ‘রিং রোডে যান চলাচল আবার শুরু হয়েছে। দুর্ঘটনার ধ্বংসাবশেষও সরিয়ে ফেলা হয়েছে।’
মিসরের মন্ত্রিসভার এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি।
ওই মুখপাত্র বলেন, তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জ্বালানি পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে সরকার।
ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে মিসরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
দেশটির অনেক ভবনে জরুরি বের হওয়ার পথ, ধোঁয়া শনাক্ত করার যন্ত্র ও সতর্কসংকেতের ব্যবস্থা নেই। আবার অনেক এলাকার রাস্তা সরু ও ঘনবসতিপূর্ণ হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয়।
মিসরে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। দেশটিতে ট্রাফিক আইন অমান্য করারও প্রবণতা আছে।
মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছরও পাঁচ হাজার ২০০ জনের বেশি প্রাণ হারান।
গত আগস্টে উত্তর মিসরে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেকেই ছিলেন কিশোর। তারা ছিলেন কৃষিশ্রমিক এবং কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পিপলসনিউজ/আরইউ