weather ২১.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয় : ভারত

প্রকাশ :

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয় : ভারত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে পাঠানো প্রত্যর্পণের অনুরোধকে সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈধ ভ্রমণ নথি নিয়ে কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের আওতায় পড়ে না। 

অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য ঢাকা ফেরা নিয়ে গুঞ্জনের মধ্যে বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার সম্ভাবনা, তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমে তার ফেরার বিষয় নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে ভারতে আওয়ামী লীগ নেতাদের অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত ক্রসিং পরিদর্শনের বিষয়ে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা পালন করছে কি না, তা জানতে চান তারা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার বিষয়। এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।

তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র। তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তাহলে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয়। বিশেষ করে নড়াইল ও পাবনাসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেন এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ অভিন্ন সব নদীর বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। এসব বিষয় ওই কাঠামোর মাধ্যমেই আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া মোংলা বন্দর অভিমুখী একটি জাহাজ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য রয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ-সংক্রান্ত কিছু প্রতিবেদন আমাদের নজরে এসেছে। আমাদের নিরাপত্তা স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে, এমন প্রতিটি পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছি।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধও সরকারিভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১