রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে
প্রকাশ :
ছবি : সংগৃহীত
পিপলসনিউজ ডেস্ক
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এই রায়ে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগের স্বীকৃতি মিলেছে।
একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। রায়কে রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ।
তবে আদালতের রায়কে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। তার ওপর দেশটিতে চলমান গৃহযুদ্ধ, রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তার অনিশ্চয়তা প্রত্যাবাসনের পথকে এখনো জটিল করে রেখেছে। ফলে দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এলেও বড় প্রশ্নটি রয়ে গেছে—আন্তর্জাতিক আদালতের এই ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন কতটা সম্ভব হবে, আর কবে নাগাদ নিরাপদে নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবেন রোহিঙ্গারা?
সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। রায় পড়ে শোনাতে তিন ঘণ্টা সময় লেগেছে।
১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে মত দিয়েছেন। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে কয়েক দশক ধরে নিপীড়ন করা দেশটির বিরুদ্ধে ঐতিহাসিক ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকেরা।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অধীন এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলাটি করেছিল।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কয়েক দশক ধরেই নিপীড়ন চালিয়ে আসছিল। তবে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে। এ কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। সেখানে আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে তারা।
সামরিক অভিযানের শুরুর দিকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পালাতে গিয়ে নৌকাডুবিতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগত নিধন, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করে রোহিঙ্গারা।
আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের অনুমতি দিতে এবং তা সহজ করতে হবে মিয়ানমারকে। ক্ষতিগ্রস্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিংবা তার বিকল্প ব্যবস্থা করতে হবে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা এবং যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নিপীড়ন থেকে তাদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিজে কি মিয়ানমারকে বাধ্য করতে পারবে : নিজের রায় সরাসরি কার্যকর করার ক্ষমতা আইসিজের নেই। তবে এই রায়ের গুরুত্ব রয়েছে। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে পারে।
রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কোনো দেশকে জাতিগত নিধনের জন্য দায়ী করতে হলে প্রমাণ করতে হয়, দেশটির কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল।
এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ কারণেও এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি আইসিজে।
রোহিঙ্গারা কারা : রোহিঙ্গারা প্রধানত একটি মুসলিম জাতিগোষ্ঠী। তাদের মূল বসবাস মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার আগে মিয়ানমারে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা ছিল। দেশটির ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে তারা সংখ্যালঘু। ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও রোহিঙ্গারা বসবাস করে।
বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা রোহিঙ্গারা নিজেদের দেশটির আদিবাসী হিসেবে পরিচয় দেয়। তবে সরকার তাদের স্বীকৃতি দেয় না; বরং বাংলাদেশ থেকে যাওয়া ‘অবৈধ অভিবাসী’ বলে দাবি করে।
মিয়ানমারে ১৯৮২ সালে পাস করা নাগরিকত্ব আইনে কার্যত দেশটির অধিকাংশ রোহিঙ্গা রাষ্ট্রহীন হয়ে পড়ে। পরবর্তী সরকারগুলোও তাদের বঞ্চিত করে গেছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারও একই কাজ করেছে।
বছরের পর বছর দফায় দফায় সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে রোহিঙ্গা। এই পরিস্থিতিতে ২০১৩ সালে গঠিত হয় বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। ২০১৭ সালের শেষ দিকে আরসা পুলিশের চৌকিতে হামলা চালালে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী।
ওই অভিযানে বেঁচে যাওয়া মানুষের ভাষ্য, রোহিঙ্গাদের ওপর নজিরবিহীন সহিংসতা চালানো হয়। সামরিক বাহিনী পুরুষদের গুলি করে হত্যা করে। নারীদের ধর্ষণ করে। শিশুদের আগুনে ছুড়ে ফেলে এবং রোহিঙ্গাদের গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
২০১৯ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, তাতমাদো নারী, পুরুষ ও শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং ‘জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড’ চালিয়েছে।
সহিংসতার মুখে কয়েক মাসের মধ্যে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এখন বাংলাদেশের কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। তবে এখনো মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা রয়েছে।
বাংলাদেশ চায়, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক। এদিকে কয়েক বছর ধরে তাদের জন্য বরাদ্দ সহায়তা কমছে। বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে বৈদেশিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট করার পর এ সংকট বেড়েছে।
গাম্বিয়ার যুক্তি কী ছিল : পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারকে হেগের আদালতে নেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পেয়েছিল।
গাম্বিয়া নিজেও তখন স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর দীর্ঘদিনের নিপীড়ন কাটিয়ে উঠছিল। তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে।
মিয়ানমারের তৎকালীন নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি নিজে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলেছিলেন। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন প্রতিরোধে মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইসিজে। বিশেষজ্ঞরা একে সু চির প্রতি ‘কঠোর ভর্ৎসনা’ বলে বর্ণনা করেছিলেন।
মামলায় সমর্থন জানিয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করে ১১টি দেশ। সেগুলো হলো কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য।
রোহিঙ্গারা কি নিরাপদে ফিরতে পারবে : এটি এখনো অনিশ্চিত। মিয়ানমারে অস্থিরতা চলছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
২০২১ সালে সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এ কারণে এখন পর্যন্ত আনুমানিক এক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি।
রাখাইনে সামরিক বাহিনী ও প্রধানত বৌদ্ধদের নিয়ে গঠিত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরও খারাপ করেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিশানা করে থাকে।
গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি শরণার্থীর পরিচয় যাচাই করে প্রত্যাবর্তনের জন্য নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই কেবল তাদের প্রত্যাবর্তন শুরু হতে পারে।
এরপর কী হবে: মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়ন করবে কি না, করলে কীভাবে করবে এবং ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দেবে কি না, এখন সেদিকেই সবার নজর।
এর মধ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত। এসব দেশে তারা দুর্ব্যবহার, নির্বিচার আটক ও ফেরত পাঠানোর আতঙ্কে থাকে।
রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলছে মিয়ানমার: রায়কে অন্যায্য বলেছে মিয়ানমার সরকার। একইসঙ্গে ঐতিহাসিক এ রায়কে প্রত্যাখ্যানও করেছে জান্তা সরকার।
শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, বৃহস্পতিবার আইসিজের দেওয়া রায়টি ১৫ বিচারকের মধ্যে নয় জনের সমর্থনে হয়েছে। সবাই একমত না হওয়ায় এটিকে সর্বসম্মত সিদ্ধান্ত বলা যায় না।
খিন খিন সোয়ে বলেন, ‘১৫ বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, এটি অন্যায্য।’
খিন খিন সোয়ে বলেন, আদালতের রায় ও বিচারকদের মতামত ৩০০ পৃষ্ঠার বেশি। সেগুলো পর্যালোচনা করতে সময় প্রয়োজন। তার ভাষায়, ‘এগুলো আইনি নথি। তাই আমাদের সময় নিয়ে সেগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেওয়ার পর এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন আশ্রয়শিবির থেকে আসা অন্তত ৩৫ হাজার রোহিঙ্গা অংশ নেন।
সমাবেশে রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, শুক্রবার সকালে আমি এখানে এসেছি একটা বিশেষ দিনে, একটা ঐতিহাসিক মুহূর্তে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটন করেছে। এই কোর্টের ইতিহাসে এই প্রথম একটি দেশকে জেনোসাইড করেছে বলে চিহ্নিত করা হলো।
এ সময় রোহিঙ্গারা তার বক্তব্যে সমর্থন জানিয়ে হাততালি দেন এবং স্লোগান দেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তবে কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।
নাগরিকত্বের বিষয়ে খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন পথ নিশ্চিত করতে জাতিসংঘ এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। শুক্রবার আইসিজের ঐতিহাসিক রায় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। দীর্ঘদিনের এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই আলোচনাগুলো জোরালোভাবে এগিয়ে নেব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সেফ প্যাসেজ নিশ্চিত করতে পারি।’
এই রায়ের অধীনে মিয়ানমারের ওপর অর্পিত বাধ্যবাধকতাগুলো ‘দ্রুত, সম্পূর্ণ ও কার্যকরভাবে’ পালন করতে বৃহস্পতিবার দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে এক বিবৃতিতে এই রায়ের পূর্ণাঙ্গ, কার্যকর ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে, মিয়ানমারে নিজেদের মাতৃভূমিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।’
হুমায়ুন কবির বলেন, এই রায় নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের হাতে আরও শক্তিশালী আইনি ভিত্তি এনে দিয়েছে।
প্রত্যাবাসন কীভাবে ত্বরান্বিত করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি এক থেকে দেড় বছরের সময়সীমার কথা উল্লেখ করে বলেন, যেকোনো প্রত্যাবর্তনই নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে রোহিঙ্গারা নিরাপদে ঘরে ফিরে নতুন করে জীবন গড়তে পারেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গণহত্যার শিকার রোহিঙ্গা সম্প্রদায়ের কাছে ক্ষতিপূরণ পৌঁছানো নিশ্চিত করতেও জাতিসংঘ ব্যবস্থা এবং দ্বিপক্ষীয় অংশীদারদের মাধ্যমে কাজ করবে বাংলাদেশ।
ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো প্রক্রিয়া অনুসরণ করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়; এই প্রক্রিয়ায় একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন হবে।
পিপলসনিউজ/আরইউ