weather ২১.৯৯ o সে. আদ্রতা ১০০% , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার

প্রকাশ :

রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটির রাষ্ট্রীয় বাহিনীকে দোষী করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়কে অন্যায্য বলেছে মিয়ানমার সরকার। একইসঙ্গে ঐতিহাসিক এ রায়কে প্রত্যাখ্যানও করেছে জান্তা সরকার। 

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির রাজধানী নেপিডোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়টি ১৫ বিচারকের মধ্যে নয় জনের সমর্থনে হয়েছে। সবাই একমত না হওয়ায় এটিকে সর্বসম্মত সিদ্ধান্ত বলা যায় না।

খিন খিন সোয়ে বলেন, ‘১৫ বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, এটি অন্যায্য।’

২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকার। তাদের দাবি, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।

মিয়ানমার সরকারের মুখপাত্র বলেন, আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন।

২০১৭ সালের ওই অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। বর্তমানে তিনি দেশটির প্রেসিডেন্ট। আদালত বলেছেন, ওই অভিযানে মিয়ানমারের বাহিনীর হাতে প্রায় এক লাখ রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরতে দেওয়ার ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হেগভিত্তিক আদালত। তবে আদালতের এসব নির্দেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি খিন খিন সোয়ে।

তিনি বলেন, আদালতের রায় ও বিচারকদের মতামত ৩০০ পৃষ্ঠার বেশি। সেগুলো পর্যালোচনা করতে সময় প্রয়োজন। তার ভাষায়, ‘এগুলো আইনি নথি। তাই আমাদের সময় নিয়ে সেগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে নিপীড়ন, বৈষম্য ও নাগরিকত্বের সংকটের মধ্যে বসবাস করে আসছে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের পর দেশটির অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্বের অধিকার হারায়। তাদের চলাচল, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার ওপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

২০১৬ সালের অক্টোবর থেকে রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর নিরাপত্তা অভিযানের নামে সেনাবাহিনী ব্যাপক দমন-পীড়ন চালায়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ আগস্ট নতুন করে সামরিক অভিযান শুরু হয়। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তদন্তে ওই অভিযানে নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা উঠে আসে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে মিলে কক্সবাজারে শরণার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ লাখের বেশি।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। মামলায় দেশটির বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই বছরের ডিসেম্বরে মিয়ানমারের তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সু চি আদালতে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেন। তবে ২০২০ সালের জানুয়ারিতে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়।

এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া, লিখিত বক্তব্য ও শুনানি শেষে ১৯ নভেম্বর মামলার চূড়ান্ত রায় দেন আইসিজে। এই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে দায়ী করা হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিত সহিংসতা চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

রায়ে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ড রোহিঙ্গাদের একটি অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, গণহত্যার প্রমাণ নষ্ট করতে মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলে এবং বিভিন্ন স্থানে বুলডোজার চালিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। এতে ২০১৭ সালে রাখাইনে সংঘটিত হত্যাযজ্ঞের কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি