আজ উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান
প্রকাশ : ২৯-০১-২০২৬ ১১:২১
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উত্তরবঙ্গ সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নওগাঁ, রাজশাহী ও নিজ জেলা বগুড়ায় যাবেন। বগুড়ার একটি আসনে তিনি প্রার্থীও। সেখানে আজ তিনি রাতযাপন করবেন। পরে আগামীকাল শুক্রবার গণসংযোগ করবেন তিনি।
২০ বছর পর নওগাঁয় যাবেন বিএনপি চেয়ারম্যান: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে র্দীঘ ২০ বছর পর আজ নওগাঁয় সমাবেশে যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকালে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশ ঘিরে সব প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে।
সমাবেশকে ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।
জানা যায়, দীর্ঘ ২০ বছর পর উত্তরের জেলা নওগাঁয় আসছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে সাজ সাজ রব জেলাজুড়ে। দলের হাল ধরার পর প্রথমবারের মতো নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তিনি নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন সমাবশে।
বরণ করতে প্রস্তুত রাজশাহী: দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। এদিন বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ে এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পৌঁছানোর কথা।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির ১৩ জন প্রার্থীকে দলীয় প্রধান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
বরণে প্রস্তুত বগুড়াবাসীও: দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচির পর সড়কপথে বগুড়ায় যাবেন তিনি। সন্ধ্যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।
বগুড়ার চার তারকা হোটেল ‘নাজ গার্ডেনে’ বৃহস্পতিবার ও শুক্রবার রাতযাপন করবেন তারেক রহমান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণায় অংশ নেবেন তিনি। বিকালে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। পথে গাবতলী ও শাজাহানপুরে পথসভায় ভাষণ দিতে পারেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ জানুয়ারি বগুড়ায় আসার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের সেই সফর বাতিল করা হয়। স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, ২০০৬ সালে সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে বৃহস্পতিবারের নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা বিএনপি। জনসভার জন্য শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ চূড়ান্ত করা হয়েছিল। চার দিন ধরে মাঠে বিশাল মঞ্চ নির্মাণ ও সাজসজ্জাও করা হয়েছে। কিন্তু তারেক রহমানের জনসভায় প্রচুর লোকসমাগমের আভাস পেয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে স্থান সংকুলান হওয়া নিয়ে শেষ মুহূর্তে শঙ্কায় পড়েছেন আয়োজকেরা।
দলীয় সূত্র জানায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সব কটি নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত চারবার সংসদ সদস্য হন খালেদা জিয়া। তার মৃত্যুর পর এবারই প্রথম তারেক রহমান প্রার্থী হয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com