টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ :
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল স্থগিত থাকবে।
রবিবার (২২ জুন) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকা প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের যাতায়াত স্থগিত থাকবে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের পূর্বঘোষিত নির্দেশনা কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২১ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ১৩ দফা নির্দেশনা প্রকাশ করা হয়। এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রতি বর্ষায় হাওরের জলজ জীব ও পাখিদের প্রজননকালীন সময় হওয়ায় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এই সিদ্ধান্ত যথাযথ ও সময়োপযোগী।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা জানান, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এই এলাকায় পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। টাঙ্গুয়ার হাওরে গত ২০ বছরে ৭০ ভাগ জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। যদিও এ নিয়ে গবেষণা নেই। আমরা চাই, এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা হোক। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কাজ করুক।
পিপলসনিউজ/আরইউ