ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি।
সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
মগবাজারের বাসিন্দা রুহুল আমিন বলেন, ৪৪ বছরের জীবনে এমন ভূমিকম্প দেখিনি। পাঁচতলা বিল্ডিংটি দুলছিল। মনে হচ্ছিল ভেঙে পড়ে যাবে। ঘরের বিভিন্ন জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছিল।
মিরপুর ২ থেকে এক গৃহিণী বলেন, হঠাৎ দেখি টেবিল নড়ছে। ঘরের উপরে রাখা বিভিন্ন জিনিস পড়ে যাচ্ছিল। কয়েকটি গ্লাস ভেঙেছে। মনে হচ্ছিল কেউ ধাক্কা দিচ্ছে।
এদিকে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
পিপলসনিউজ/আরইউ