মৌচাকে ফ্লাইওভারে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত দুই
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগসংলগ্ন মৌচাক ফ্লাইওভারে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এ সময় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন।
রমনা থানার পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইয়াসিনের ফুফা জাহাঙ্গীর আলম বলেন, ‘সে (ইয়াসিন) থার্টি ফাস্ট নাইট উদ্যাপন করতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে জানতে পারি, ইয়াসিন বেঁচে নেই।’
ইয়াসিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) করছিলেন। তিনি মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম।
নয়ন সপরিবার রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
এদিকে রমনা থানার এসআই সুশান্ত কুমার বলেন, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ হয়।
পিপলসনিউজ/আরইউ