weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ‘আবেদ আলী ক্যাডারদের’ জয়জয়কার

প্রকাশ :

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ‘আবেদ আলী ক্যাডারদের’ জয়জয়কার

অভিযুক্ত সানোয়ার হোসাইন, আনিসুর রহমান, খাইরুল ইসলাম ও হাবিবুর রহমান, ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগে ভয়াবহ জালিয়াতির অভিযোগ এসেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে অনুষ্ঠিত সহকারী প্রকৌশলী (পুর) পদে নিয়োগ পরীক্ষায় মেধাতালিকার শীর্ষে থাকা একাধিক প্রার্থীর সঙ্গে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস চক্রের আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলীর সরাসরি আর্থিক লেনদেনের তথ্য সবার জানা। 

নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ চলাকালে ও ফল প্রকাশের আগেই তার ব্যাংক হিসাবে লাখ লাখ টাকা জমা দেন ওইসব প্রার্থীরা। পরে তারাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মেধাতালিকার শীর্ষস্থান দখল করে প্রথম শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগ পান। তারাই ‘আবেদ আলী ক্যাডার’ কর্মকর্তা বলে সর্বমহলে পরিচিত।

নথিপত্র ও ব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে সম্পন্ন হওয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদে নিয়োগে অন্তত চারজন কর্মকর্তার সঙ্গে আবেদ আলীর আর্থিক লেনদেন হয়েছে। তারা হলেন- বর্তমানে শেরপুরে কর্মরত সানোয়ার হোসাইন, হবিগঞ্জে কর্মরত মো. আনিসুর রহমান, ঝালকাঠিতে কর্মরত মো. খাইরুল ইসলাম এবং মেহেরপুরে কর্মরত মো. হাবিবুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। এসব প্রকল্প বাস্তবায়নের মাঠপর্যায়ের দায়িত্বে থাকেন সহকারী প্রকৌশলীরা। ফলে এই পদে নিয়োগে অনিয়মের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।

জানা গেছে, এই চার কর্মকর্তাসহ পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আবেদ আলীর ব্যাংক হিসাবে অর্থ লেনদেন করেছেন- এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তারা যেসব নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন, সেসব পরীক্ষায় কোনো অনিয়ম বা প্রশ্নফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবেন না বলে জানান তিনি।

আর্থিক দুর্নীতির অনুসন্ধানে কাজ করে এমন একটি সংস্থার তথ্য বলছে, অনুসন্ধানে আবেদ আলী ও তার সহযোগীদের ১১৫টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া যায়। এসব হিসাবে প্রায় ১২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে আবেদ আলী ও তার পরিবারের নিয়ন্ত্রিত ১৬টি হিসাবে ৬০ কোটিরও বেশি টাকা জমার তথ্য রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, ব্যাংক এশিয়ার রিং রোড শাখায় ‘দোলন রাইস শপ’ নামে একটি হিসাব ব্যবহার করে অর্থ লেনদেন করতেন আবেদ আলী। তবে অনুসন্ধানে ওই নামে কোনো বাস্তব ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। যে ঠিকানা ব্যবহার করে হিসাবটি খোলা হয়েছে, সেটি আবেদ আলীর নিজ বাসার ঠিকানা।

ব্যাংক নথি অনুযায়ী, সানোয়ার হোসাইন লিখিত পরীক্ষার এক মাস পর দুই লাখ ২৫ হাজার টাকা এবং ভাইভার সময় আরও দুই লাখ টাকা; মোট চার লাখ ২৫ হাজার টাকা ওই হিসাবে জমা দেন। পরে তিনি মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

একইভাবে ডুয়েট থেকে পাস করা হাবিবুর রহমান লিখিত পরীক্ষার পর আবেদ আলীর হিসাবে লাখ টাকা জমা দেন। চূড়ান্ত ফলে তিনিই মেধাতালিকায় প্রথম হন।

আরেক প্রার্থী খাইরুল ইসলাম নিজের ডাচ্-বাংলা ব্যাংক হিসাব থেকে আরটিজিএসের মাধ্যমে ছয় লাখ টাকা আবেদ আলীর হিসাবে স্থানান্তর করেন। পরে তিনি মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।

অন্যদিকে আনিসুর রহমান নিজের ছোট ভাইয়ের মাধ্যমে পাঁচ লাখ টাকা আবেদ আলীর হিসাবে জমা দেন। পরবর্তীতে তিনিও একই নিয়োগে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশ্নফাঁস চক্রের সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই নগদ অর্থে লেনদেন করলেও কিছু ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা নিজেরাই সরাসরি আবেদ আলীর হিসাবে টাকা জমা দিয়েছেন। এসব লেনদেনের নথিই বর্তমানে তদন্তের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এরই মধ্য দুদক বিতর্কিত অনুসন্ধানী কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে অভিযুক্ত কর্মকর্তাদের অনেকের দাবি তারা নির্দোষ এবং দুদক তাদের অব্যাহতি দিয়েছে। তবে দুর্নীতি দমনে কাজ করা কর্মকর্তাদের দাবি, কোনো কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কারণ, অপরাধে জড়িত থাকলে কারো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।

এই বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীর বক্তব্য জানতে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেন তিনি সাড়া দেননি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা : জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই পশ্চিম এশিয়ায় উত্তেজনা : জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই চট্টগ্রামে কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে তরুণ নিহত চট্টগ্রামে কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে তরুণ নিহত পাঁচ ইরানি ট্যাংকারে বোমা হামলা যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের পাঁচ ইরানি ট্যাংকারে বোমা হামলা যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো