weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
এবার বন্ধ রামপালের এক ইউনিট

আদানির ইউনিট চালু, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

প্রকাশ :

আদানির ইউনিট চালু, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কয়লাস্বল্পতায় এক মাস ধরে সীমিত বিদ্যুৎ উৎপাদন করছিল আদানির বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যে গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন আরও কমায় দেশে লোডশেডিং বেড়ে যায়। রোববার (১৩ সেপ্টেম্বর) বন্ধ ইউনিট চালুর পর দুপুর থেকে উৎপাদন বাড়াচ্ছে তারা। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র বলছে, দুপুর ১২টায় আদানির দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ শুরু হয়। তার আগে বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন কমে অর্ধেকে নেমেছে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কয়লা চালিত। মাঝে কয়লাস্বল্পতায় উৎপাদন কমেছিল। এখন কয়লার মজুত আছে। উৎপাদন হচ্ছিল এক হাজার ১০০ মেগাওয়াটের বেশি। এখন এটি ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র বলছে, কী কারণে বন্ধ হয়েছে, তা খুঁজে বের করতে কাজ চলছে। দ্রুতই উৎপাদনে ফেরানোর চেষ্টা চলছে। কয়লার পর্যাপ্ত মজুত আছে।

এর আগে ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে উৎপাদন কমায় আদানির বিদ্যুৎকেন্দ্র। গত মাসের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় ৯০০ মেগাওয়াট করে তারা। আর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত তারা সরবরাহ করছিল। বুধবার রাতে এক হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায় উৎপাদন। তবে একটি ইউনিট বন্ধের পর উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়।

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে এখানে। চাহিদা বুঝে দেড় হাজার মেগাওয়াটের বেশি সরবরাহ করার রেকর্ড আছে এই কেন্দ্রের।

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র বলছে, একটি ইউনিটের বয়লারে সমস্যা হয়েছে। রোববার ভোরে এটি মেরামত করে পুনরায় উৎপাদন শুরুর জন্য তৈরি করা হয়। এরপর দুপুর ১২টার দিকে এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বাড়তে শুরু করেছে।

পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র বলছে, বেলা ২টার দিকে আদানির দুই ইউনিট মিলে বিদ্যুৎ সরবরাহ এক হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এর আগে সকালের দিকে সর্বোচ্চ ৭৬০ মেগাওয়াট সরবরাহ করছিল তারা। বিকালের দিকে সরবরাহ বেড়ে এক হাজার মেগাওয়াট ছাড়াতে পারে।

পিপলসনিউজ আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক আদানির ইউনিট চালু, বাড়বে বিদ্যুৎ সরবরাহ আদানির ইউনিট চালু, বাড়বে বিদ্যুৎ সরবরাহ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদন ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু