বিয়ে করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ
প্রকাশ :
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেছেন। ৬২ বছর বয়সি আইরিশ-অস্ট্রেলীয় কোটিপতি অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন ৫২ বছর বয়সি জেমিমা।
সপ্তাহান্তে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জেমিমার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনন্দের মুহূর্তও শেয়ার করেছেন।
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের খবর নিশ্চিত করেন। তার স্ত্রী জেমিমা জোনস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্যাপন করছি। কী আনন্দের দিন!’
ছবিতে বেন ও জেমিমা জোনসকে একটি বড় পাথরের ভবনের পাশে সাজানো বাগানে দেখা যায়। তবে নবদম্পতিকে ছবিতে দেখা যায়নি।
ক্যামেরন ও’রেইলি প্রয়াত অ্যান্থনি ও’রেইলির ছেলে। তার বাবা ছিলেন খ্যাতনামা মিডিয়া ব্যবসায়ী এবং আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যামেরন শুরুতে বাবার মিডিয়া ব্যবসায় কাজ করেন। পরে তিনি প্রাইভেট ইকুইটি ব্যবসায় যুক্ত হন।
২০০৩ সালে তিনি বেয়ার্ড ক্যাপিটাল নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন এবং সুইজারল্যান্ডের মিটার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডিস+গিয়ার কিনে নেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০১১ সালে তোশিবা দুই দশমিক তিন বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।
চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয়। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা বেশ কিছুদিনের বন্ধু ছিলেন বলে জানা গেছে।
একজন ঘনিষ্ঠ ব্যক্তির বরাতে জানা যায়, এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন। ক্যামেরন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা পছন্দ করেন বলেও ওই ব্যক্তি জানান।
চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এর আগে তাদের সম্পর্ক অনেকটাই আড়ালেই ছিল।
১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমা বিয়ে করেন। নয় বছর সংসারের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুই ছেলেকে নিয়ে জেমিমা যুক্তরাজ ছিল।
ক্যামেরনের চার সন্তান রয়েছে। অন্যদিকে, ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে—সুলাইমান ও কাসিম।
পিপলসনিউজ/আরইউ