weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৯% , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠকেও চূড়ান্ত হয়নি ইউপি নির্বাচনের তারিখ

প্রকাশ :

বৈঠকেও চূড়ান্ত হয়নি ইউপি নির্বাচনের তারিখ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেও ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি কমিশন। পরীক্ষা, রমজান ও নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো সমন্বয় করে সুনির্দিষ্ট তারিখ জানাতে আরও কিছু কাজ করতে হবে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এই বৈঠক হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই নির্বাচন শেষ করার বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে ভোট কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে বৃহস্পতিবারের সভায় আমি যদি এক লাইনে কনক্লুশন বলি, সবাই সম্মত হয়েছেন যে আমাদের এই নির্বাচনটা পারতপক্ষে ৬ জুনের আগেই সম্পন্ন করতে হবে, এইচএসসি পরীক্ষার আগে।’

ইউপি নির্বাচন কবে থেকে শুরু হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আগে তো আমাকে সøটটা পেতে হবে নির্বাচন করার জন্য।’ তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে পরীক্ষা থাকায় এ সময়ে খুব কম বিরতি পাওয়া যাচ্ছে।

এই নির্বাচন কমিশনার বলেন, জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া যাচ্ছে। এরপর ফেব্রুয়ারির শুরুতে রোজা। রোজা শেষ হওয়ার পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষা শেষ হওয়া থেকে ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর মধ্যেও কিছুটা সময় পাওয়া যাচ্ছে। এই সীমিত সময়ের মধ্যে কীভাবে নির্বাচনের আয়োজন করা যায়, তা নিয়ে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

বৈঠকে শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোর উদ্বেগের কথাও তুলে ধরেন সানাউল্লাহ। তিনি বলেন, বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাব পড়েছে, তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও পরীক্ষার প্রস্তুতির বিষয় রয়েছে। পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুরোধ জানিয়েছেন।

এসব উদ্বেগ যৌক্তিক বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। তিনি জানান, বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। নির্বাচনের বাজেট পরিকল্পনাসহ আরও কিছু কাজ দ্রুত শেষ করতে হবে। এসব কাজ শেষ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।

আগে জানানো ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি থেকে ইসি সরে এসেছে কি না— এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘মোটেও না।’

নির্বাচন কমিশনার জানান, আগের সময়সূচিটি ছিল সম্ভাব্য। প্রাক-প্রস্তুতিমূলক সভার আলোকে সেটি তৈরি করা হয়েছিল। তখনই বলা হয়েছিল, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

সানাউল্লাহ বলেন, ‘আমরা সামান্যতম কোনোখান থেকে সরে আসি নাই।’ আজকের বৈঠকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ইসির প্রাথমিক পরিকল্পনার ওপর সংশ্লিষ্ট সবাই মতামত দিয়েছেন জানিয়ে সানাউল্লাহ বলেন, এসব বিষয় নিয়ে কমিশনে আলোচনা হবে। কর্মকর্তা ও সচিব পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ সম্পন্ন করবেন ইসি সচিব।

ইউনিয়ন পরিষদের বাইরে স্থানীয় সরকারের অন্য নির্বাচনগুলোর বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অন্যান্য নির্বাচনের ব্যাপারেও আমরা আইন অনুযায়ী যখন যেটা করার প্রয়োজন, তখন সেটা করব।’

মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য চেয়েছে ইসি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করতে হবে। হার্ডকপি ও সফট কপি (নিকস ফন্ট) আকারে এসব তথ্য সংগ্রহ করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরাগুলো অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে তাগিদ দিতে হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হবে।

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট: জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নতুন এই সংশোধনীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে ভোট দেওয়ার ক্ষেত্রে বিকল্প হিসেবে ‘না’ ভোট যুক্ত করা হয়েছে, যা একক প্রার্থীর ক্ষেত্রে কার্যকর হবে। 

বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসির জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া ইসির নির্ধারিত অন্য যেকোনো প্রতীক প্রার্থিতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। কমিশনের তৈরি তালিকার প্রতীকের পাশপাশি ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুধু প্রতীক স্থগিত বা সংযোজনই নয়, প্রার্থীর হলফনামা দাখিলের ক্ষেত্রেও আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক থেকে সরিয়ে ঐচ্ছিক করা হয়েছে। ফলে প্রার্থীর পরিবারের সদস্যদের আয়কর রিটার্নসংক্রান্ত তথ্য না দিলেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে। এর পাশাপাশি ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা স্পষ্ট করে বলা হয়েছে, অভিযুক্ত বলতে কেবল সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন।

ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রার্থীদের জামিন সংক্রান্ত কাগজের ক্ষেত্রেও বিধিমালা শিথিল করা হয়েছে। আগে প্রার্থীরা জামিনে মুক্ত থাকলে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল, যা সংশোধনের মাধ্যমে সহজ করা হয়েছে। অপরদিকে, যারা কারাগারে অবস্থান করছেন, সেসব প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।

এ ছাড়া প্রার্থীদের নির্বাচনী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও সংশোধনী এনেছে কমিশন। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে থাকা ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’র জায়গায় নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য প্রার্থীর নিজস্ব অ্যাকাউন্টের পাশাপাশি তার মনোনীত নির্বাচনী এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও বাকি নিত্যপণ্যের দামে নাখোশ ক্রেতারা সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও বাকি নিত্যপণ্যের দামে নাখোশ ক্রেতারা ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে পেজেশকিয়ান-আরাগচিসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র পেজেশকিয়ান-আরাগচিসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার অডিও ছড়ানোর পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা বিল পাশ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা বিল পাশ